• ই-পেপার

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, নরসিংদীতে গ্রেপ্তার ১

লাকসামে অর্ধলক্ষ শিশুকে খাওয়ানো হবে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে অর্ধলক্ষ শিশুকে খাওয়ানো হবে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল
সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসাম উপজেলায় আগামী রবিবার (২৮ জুন) জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় প্রায় অর্ধলক্ষ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন কেন্দ্রে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) মো. তাজুল ইসলাম এবং পৌরসভার ইপিআই সুপারভাইজার মো. আবদুস ছোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভা সূত্র জানায়, উপজেলার আটটি ইউনিয়নের ২৪টি (পুরাতন) ওয়ার্ড এবং পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ২৪৭টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৪০৬ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩৪৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪১ হাজার ৫৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকসহ প্রশিক্ষণপ্রাপ্ত মোট ৫১৯ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

তিনি আরো বলেন, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়াতে পারে। তাই কোনো গুজবে কান না দিয়ে অভিভাবকদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

টঙ্গীতে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী একটি লরির ধাক্কায় সিয়াম (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার হোসেন মজুমদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম বন্ধুর মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ঘুরছিলেন। এ সময় ঢাকাগামী একটি তেলবাহী লরি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ঘাতক লরিটি আটক করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি জব্দ করে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তুহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’

কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি : কালের কন্ঠ

কুমিল্লা নগরীর যানজট নিরসনে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জেলা প্রশাসন ও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া রহমান, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। 

অভিযান সূত্রে জানা যায়, শুরুতে নগরীর নিউ মার্কেট এলাকায় যানবাহন চলাকালে বিঘ্ন ঘটায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধভাবে স্থাপিত দোকান, অস্থায়ী স্থাপনা ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পরে নগরীর লির্বাটি মোড়, মনোহরপুর, রাজগঞ্জ এলাকায় অভিযান ভ্রাম্যমান দোকান পাট ও ভ্যান ভেঙে ফেলা হয়।

ফুটপাতে আম বিক্রেতা শাহ জালাল বলেন, আমার মা ধার করে টাকা দিছে আম বিক্রি করতে। আমি একটি ভ্যান ভাড়া করে ফুটপাতে আমি বিক্রি করছিলাম। আমার আমারগুলো মাটিতে ফেলে ভ্যানটা ভেঙে ফেলা হয়েছে। এই কথা বলে তিনি কাঁদতে থাকেন। 

অভিযানকে স্বাগত জানিয়ে মনোহরপুর গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম কালের কন্ঠকে বলেন, ফুটপাত ও সড়কে স্বাভাবিকভাবে হাঁটাচলার কোনো অবস্থা নেই, দীর্ঘদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। ফুটপাত ও সড়ক দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং নগরীর পরিবেশও উন্নত হবে।

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, যেকোনো মূল্যে নগরীর যানজট নিরসন করা হবে। আমরা গত দুই মাস ধরে ফুটপাত অবমুক্ত রাখার জন্য প্রচারণা চালিয়েছি। অনেকে কথা শুনেছেন আবার অনেকে শুনেননি। যারা শুনেননি তাদের অবৈধ সব স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। নগরীর সৌন্দর্য রক্ষা, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া রহমান জানান, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে

তিনি আরো জানান, ফুটপাত ও সড়ক দখল করে পুনরায় কেউ ব্যবসা পরিচালনা চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাঞ্ছারামপুরের আইয়ুবপুর-দুর্গাপুর সংযোগ সড়ক

ব্রিজ আছে, রেলিং নেই

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রিজ আছে, রেলিং নেই
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর-দুর্গাপুর সংযোগ সড়কের ওপর নির্মিত একটি ব্রিজ দীর্ঘদিন ধরে রেলিংবিহীন অবস্থায় পড়ে আছে। ছবি : কালের কণ্ঠ।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর-দুর্গাপুর সংযোগ সড়কের ওপর নির্মিত একটি ব্রিজ দীর্ঘদিন ধরে রেলিংবিহীন অবস্থায় পড়ে আছে। দুই পাশের রেলিং ভেঙে পড়ার পর সেগুলোর লোহার রডও চুরি হয়ে গেছে। ফলে ব্রিজটি দিয়ে প্রতিদিন ঝুঁকি ও আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় হাজারো বাসিন্দাদের। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী, নারী, শিশু, ব্যবসায়ী  ও বিভিন্ন রকমের যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৩-২০০৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) দুর্গাপুর-আইয়ুবপুর ওপর ‘জোরার সেতু’ নামে ব্রিজটি নির্মাণ করে। আইয়ুবপুর ও বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের নয় থেকে দশটি গ্রামের প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন।

আইয়ুবপুর গ্রামের ব্যবসায়ী সায়েদুর রহমান বলেন, ‘প্রায় ছয় থেকে সাত বছর আগে ব্রিজটির এক পাশের রেলিং ভেঙে পড়ে। কিছু দিনের মধ্যে অন্য পাশের রেলিংও ধসে যায়। দীর্ঘদিন পড়ে থাকায় রেলিংয়ের লোহার রডগুলোও চুরি হয়ে গেছে। ‘আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছি। দ্রুত সংস্কার করা জরুরি’।

স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, ‘ব্রিজটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিয়ে অন্তত ১০টি এলাকার প্রায় ত্রিশ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। রেলিং ভেঙে যাওয়ায় সবাইকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে রেলিং নির্মাণ জরুরি।

দুর্গাপুর গ্রামের ছাত্রী সেলিনা বেগম বলেন, ‘আমরা এই সেতুটি নিয়ে খুব আতঙ্কে আছি। অটোরিকশা নিয়ে আমরা যেতে পারি না। গাড়ি দিয়ে যেতে গেলে ভয় লাগে।’

এ বিষয়ে বাঞ্ছারামপুর  উপজেলা প্রকৌশলী ফজলে রাব্বি কালের কণ্ঠকে বলেন, ‘রেলিংবিহীন ব্রিজটির বিষয়টি সরেজমিন পরিদর্শন করে দ্রুত  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’