‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক তফিল উদ্দিন মণ্ডল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু তাহের সাগর, মাহবুবুল আলম এবং সাংবাদিক রমেশ কুমার পার্থ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়টি বিষয়ের ওপর বিতর্কে অংশগ্রহণ করে।
চূড়ান্ত পর্বে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় দল প্রথম স্থান অর্জন করে এবং নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয় দল দ্বিতীয় স্থান লাভ করে।
বিজয়ী দলের বিতার্কিকরা ছিলেন ইসরাত জাহান ইভা (দলনেতা), মানজানা আক্তার স্মৃতি ও সামিয়া তামাস্সুম। রানারআপ দলের সদস্যরা ছিলেন সানজিদা জাহান তৃষা (দলনেতা), আফিয়া তাহসিনা ও ফামিতা জাহান তোহ্হা। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সানজিদা জাহান তৃষা।





