• ই-পেপার

নীলফামারীতে কোল্ড স্টোরেজ ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।  রবিবার (২১জুন)  বিকালে উপজেলার বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলার সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। 

তিনি বলেন, ‘তারা আজকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। আমি বলব সমাজে অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে কেউ পিছিয়ে থাকবে না।’ 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মো. খাইরুল বাশার, মহেশপুর উপজেলার বিআরডিবি অফিসার মো:বাহারুল ইসলাম এবং বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওয়াজেদ উদ্দিন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশের সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন  আহমেদ। দোস্ত এইডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধী মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রবিবার (২১ জুন) সকালে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুপছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইয়ুব আলী মামলার ৯ নম্বর আসামি। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। পরে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‌্যাব আরো জানায়, মাসুদ রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সে উদ্দেশে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী পিস্তল ও শটগান ব্যবহার করে তাকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়িতে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

বাঁশ বাগানে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
বাঁশ বাগানে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের দুইদিন পর সজীব বেপারী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (২১ জুন) দুপুরে বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামে একটি বাঁশ বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সজীব বেপারী সজীব বেপারী (২৭) শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের হাফেজ বেপারীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর নিখোঁজ হয় সজীব বেপারী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও ওই যুবকের কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি থানায় জানায় পরিবার। পরে রববিার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় সজীবের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর। নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঋণগ্রস্ত ছিল সজিব, তাই ঋণের চাপে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দাগনভূঞায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৯ কিশোর

ফেনী প্রতিনিধি
দাগনভূঞায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৯ কিশোর
সংগৃহীত ছবি

ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেয়েছে ৯ শিশু-কিশোর। একইসঙ্গে ১০টি সূরা মুখস্থ ও মাসালা মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১ জন পেয়েছে শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

শনিবার (২০ জুন) বিকেলে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে আলোর মশালের আয়োজনে তাদের পুরস্কারস্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।

ব্যবসায়ী শহীদ উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হারুন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সভাপতি নুরুল আফসার, আইআইইউসির প্রভাষক আহমদ শাহ মাসুদ সাইফুল, পূর্ব চন্দ্রপুর উন্নয়ন পরিষদের সভাপতি ফখরুল ইসলাম, আমুভূঞারহাট হাসানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওহাব।

বেতুয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মনির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বীকন মডেল কলেজের প্রভাষক ও ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, সংস্থার সদস্য ডা. শাহজাহান, সমাজসেবক মনিরুল আজিম। আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য আবু বক্কর সিদ্দিক রাফি প্রমুখ।

আয়োজকরা জানায়, শিশু-কিশোররা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারা এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে আলোর মশাল এ আয়োজন করে। এতে নামাজ পড়া প্রতিযোগিতায় তিনটি মসজিদের মোট ৪১ জন শিশু-কিশোর অংশ নেয়। তার মধ্যে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৯ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়। ৪১ জনকে স্কুলব্যাগসহ শিক্ষাসামগ্রী ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

এ ব্যাপারে আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘ঘোষণার পর থেকে শিশু-কিশোররা মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করেন। পাশাপাশি প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে। একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী সব শিশুকে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।