• ই-পেপার

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত

সিলেটে আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার
সংগৃহীত ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার একটি ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কানিশাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ঝোপ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান, ছয়টি জেল, আটটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, পাঁচটি সেফটি ফিউজ এবং থানা থেকে লুট হওয়া দুটি টিয়ারশেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকসামগ্রী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ক্রিকেটার নাঈমকে নির্যাতনের জেরে সিএমপিতে ব্যাপক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ক্রিকেটার নাঈমকে নির্যাতনের জেরে সিএমপিতে ব্যাপক পরিবর্তন
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতনের ঘটনায় এবার সিএমপির উপ-কমিশনার আমিরুল ইসলামকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে খুলশি থানার বিতর্কিত ওসি আরিফকেও প্রত্যাহার করা হয়েছিল। এ ঘটনায় সম্পৃক্ত ওসি আরিফের সোর্স সোহেলকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়নি।

বৃহস্পতিবার দিবাগত রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিসি আমিরুলকে সিএমপির উত্তর বিভাগ থেকে সরিয়ে ডিসি ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স পদে পদায়ন করা হয়। তার স্থলে হাসান মোস্তফা স্বপন এবং ডিসি দক্ষিণ পদে হাবিবুর রহমান প্রামাণিককে পদায়ন করা হয়েছে। একইদিনে সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে অর্থ ও প্রশাসন এবং কবির আহম্মদ ভূইয়াকে অতিরিক্ত কমিশনার ট্রাফিক পদে পদায়ন করা হয়।

সিএমপি কমিশনার হিসেবে হাসান মো. শওকত আলী যোগ দেওয়ার পর থেকে নানান পরিবর্তনের গুঞ্জন ছিল। সেটি বিভিন্ন কারণে থমকে থাকলেও নাঈম ইস্যুতে আবার আলোচনায় আসে এবং পরিবর্তন তরান্বিত হয়। পুরো সপ্তাহটি ছিল সিএমপির ওসি, ডিসি এবং অতিরিক্ত কমিশনার পরিবর্তনের।

গত ১২ জুন দিবাগত রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন নাঈম। পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে লালখান বাজার এলাকায় নেমে আরেকটি ফ্লাইওভারে ওঠার কথা ছিল তার। দুই ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পুলিশ তাকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও নির্যাতন করার অভিযোগ উঠে। এসময় নাঈমকে পাইপ দিয়ে পেটানো হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম, সদস্য রাসেল চৌধুরীকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে সিএমপির লাইনে সংযুক্ত করা হয়। ডিবি পরিচয় দিয়ে নাঈমকে আঘাত করা সোহেলকে সিএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। সোহেল ওসি আরিফের সোর্স হিসেবে কাজ করতো বলে কথিত আছে।

এ ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান বাদি হয়ে থানায় মামলা করেন। মামলায় এসআই শফিকুল, পুলিশ সদস্য রাসেল ও সোর্স সোহেলকে আসামি করা হয়। অপরদিকে শফিকুল ও রাসেলের বিরুদ্ধে পুলিশে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। 

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলার চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল (৮)।

চাটখিল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল চন্দ্র ঘোষসহ একাধিক মালিকানাধীন একটি পুকুরে মোটরের মাধ্যমে পানি সেচের কাজ চলছিল। এ সময় রাহুল মোটরের বিদ্যুতের তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি আবু আশফাক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি আবু আশফাক
ছবি: কালের কণ্ঠ

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক বলেছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা-বান্দুরা আন্তঃজেলা সড়কের বাগমারা বাজার ও নবাবগঞ্জ চৌরঙ্গীর চৌরাস্তার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব।

আজ শুক্রবার দুপুরে নবাবগঞ্জের ওয়াসেক মিলনায়তনে সিএনজি অটোরিকশা চালক ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবু আশফাক বলেন, ‘জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে যানজট নিরসনের কোনো বিকল্প নেই। সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, যানবাহনের শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।’

তিনি আরো বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের মতবিনিময় সভা বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় সিএনজি চালক, শ্রমিক নেতা ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা যানজটের কারণ, অবৈধ পার্কিং, নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব এবং যানবাহন চলাচলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় এমপি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সম্ভাব্য সিএনজি স্ট্যান্ডের স্থান পরিদর্শন করেন এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নবাবগঞ্জ উপ‌জেলা বিএন‌পির ভারপ্রাপ্ত সভাপ‌তি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সহসভাপ‌তি আবু স‌ফিক খন্দকার মাসুদ, সাংগঠ‌নিক সম্পাদক মিজানুর রহমান. নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হা‌নিফ। এছাড়াও উপ‌জেলা প্রশাস‌নের বি‌ভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিএনজি চালকরা উপস্থিত ‌ছি‌লেন।