• ই-পেপার

আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজির বেশি সোনাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজির বেশি সোনাসহ আটক দুই

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি সোনার বারসহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ২ টার দিকে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায়। এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ১নং গেটের সামনে পাকা রাস্তার ওপরে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। অভিযানে দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

অভিযানে আটকদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি সোনার বার, ১টি প্রাইভেটকার, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা। এছাড়াও জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোনের দাম ৩৬ হাজার টাকা এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার মাধ্যমে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম এবং জব্দকৃত সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় সোনাসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।

আশুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
ছবি : কালের কণ্ঠ

সাভারের আশুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বিদেশ সরকার (৫৫) পলাতক রয়েছেন। গত বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। 

‎শনিবার সকালে আশুলিয়া থানার এসআই এইচএম ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

‎ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে ‎অভিযুক্ত বিদেশ সরকার লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের ছেলে৷ তিনি তামা-কাঁশার দোকানে কাজ করেন। পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। 

‎ভুক্তভোগী শিশুর বাবা জানান, বুধবার দুপুর দুইটা-আড়াইটার দিকে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার সময় কৌশলে বিদেশ সরকার স্থানীয় রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। 

‎পরের দিন দুপুরে শিশুর বাবা বিষয়টি জানতে পেরে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এ বিষয়টি শনিবার (২১ জুন) বসে মীমাংসা করে দেবেন বলে আশ্বাস দেয় স্থানীয় মাতব্বররা। ‎কিন্তু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার কিছু যুবক ওই ধর্ষককে পিটুনি দিলে সে কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাতেই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

‎আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম ইমন জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সরকারকে খুশি নয়, জনগণের স্বার্থে সংবাদ প্রকাশ করতে হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর অফিস
সরকারকে খুশি নয়, জনগণের স্বার্থে সংবাদ প্রকাশ করতে হবে : প্রতিমন্ত্রী অমিত
ছবি : কালের কণ্ঠ

সরকারকে খুশি করার জন্য নয়, জনগণের স্বার্থে এবং সত্য তুলে ধরার জন্য সংবাদ প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২০ জুন) সকালে প্রেস ক্লাব যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদ অবশ্যই সত্য ও বস্তুনিষ্ঠ হতে হবে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাংবাদিকতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় অপরিহার্য হয়ে উঠেছে। এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরো নির্ভুল, সময়োপযোগী ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।

তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন প্রজন্মের পাশাপাশি প্রবীণ সাংবাদিকদেরও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন, যাতে তারা প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নিজেদের দক্ষতাকে সামঞ্জস্যপূর্ণ করতে পারেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলেও সংবাদ পরিবেশনে নৈতিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় সত্য সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমকে আরো স্বাধীন, দায়িত্বশীল ও জনমুখী ভূমিকা পালন করতে হবে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ, ফ্যাক্ট-চেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

কূপের ভেতর ছাগলছানা, তুলতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
কূপের ভেতর ছাগলছানা, তুলতে গিয়ে প্রাণ গেল ৪ জনের
ছবি: সংগৃহীত

পরিত্যক্ত কূপে পড়ে গেছে একটি ছাগল ছানা। ছানাটিকে তুলতে হবে। কিন্তু কীভাবে তোলা যায়। উপয়ান্তর না দেখে ভেতরে নেমে পড়লেন একজন। কিন্তু এরপর তার কোনো সাড়া নেই। তার খোঁজে নামলেন আরেকজন। এরপর আরো দুইজন। শেষ পর্যন্ত চারজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২০ জুন) টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায়। 

মৃতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং(১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)। তারা সবাই গারো সম্প্রদায়ের সদস্য। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে টেলকি বাজারের পাশে একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছানাটিকে তুলতে প্রথমে কূপে নামেন নেইমার। কিন্তু খানিকক্ষণ পরও নেইমারের সাড়া পাওয়া যায় না। একপর্যায়ে ভেতরে নামেন নেইমারের বাবা বাবুল হাদিমা। এরপর দুইজনের খোঁজে ভেতরে নামেন গ্রাবিয়াল এবং সবশেষে রতন।

এদিকে, একে একে কূপে নামা চারজনের কারোরই সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। ছুটে আসে আশপাশের লোকজন। শেষপর্যন্ত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কূপের ভেতর থেকে একে তাদের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, চারজনের লাশ উদ্ধার করে পরিবারেরকাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।