নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে মাজারুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নির্যাতনের ভিডিও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো.সাবজেল হোসেন।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মাজারুল ইসলাম সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়ার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। জুয়া খেলার জন্য তিনি প্রায়ই স্ত্রীর কাছে টাকা দাবি করতেন এবং টাকা না পেলে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি তিনি নিজের বেতন ও তাঁর মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন।
এজাহারে তানিয়া উল্লেখ করেন, গত ৯ জুন সন্ধ্যায় অনলাইন জুয়া নিয়ে বাধা দিলে সবুজ তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। পরে দুই সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে চলে যান।
অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুন সকালে ফোন করে আবারও এক লাখ টাকা দাবি করেন সবুজ। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলা ১১টার দিকে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ করেন। পরে দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা করেন।
তানিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। পরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা প্রদান করেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগের অন্য মামলার গ্রেপ্তারের পরওয়ানা ছিল।




