• ই-পেপার

মাদক মামলায় ৬ বছরের সাজা নিয়ে পলাতক আসামি রোমানা গ্রেপ্তার

আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন

অনলাইন ডেস্ক
আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন
সংগৃহীত ছবি

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির অনুমোদন পেয়েছে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। আগামী ২৬ মে থেকে ট্রেনটি স্টেশনটিতে দুই মিনিটের জন্য যাত্রাবিরতি করবে।

বুধবার (২০ মে) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল।

দপ্তরাদেশে বলা হয়, রেলভবনের নির্দেশনার আলোকে ৮০৬ ও ৮০৫ নম্বর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আজিমনগর রেলওয়ে স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৬ মে, মঙ্গলবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটি চলাচল করবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব বিভাগ ও কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরি, যুবকের কারাদণ্ড ও জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরি, যুবকের কারাদণ্ড ও জরিমানা
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে কোমল পানীয়, সস ও আচার উৎপাদনের দায়ে সাদ্দাম হোসেন (২৯) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন জিনজিরা ইউনিয়নের চর রঘুনাথপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার একটি বাসাবাড়িতে অবৈধভাবে ভেজাল মিশ্রিত কোমল পানীয়, সস ও আচার তৈরি করে বিভিন্ন নামে-বেনামে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন সাদ্দাম হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় উৎপাদিত বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য, কাঁচামাল ও সরঞ্জাম দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, অবৈধ ও ভেজাল মিশ্রিত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন কোনো অবৈধ প্রতিষ্ঠান কেরানীগঞ্জে থাকতে পারবে না। এ ধরনের অভিযানে ভবিষ্যতেও কঠোরতা অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় গড়ে ওঠা এ ধরনের অবৈধ কারখানাগুলো দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরের বাইরে থেকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। প্রশাসনের নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছে সচেতন মহল।

দাদা-দাদির কবরের পাশে শায়িত রামিসা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
দাদা-দাদির কবরের পাশে শায়িত রামিসা
সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৮ বছরের শিশু রামিসা আক্তারের জানাজা শেষে মরদেহ দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। 

বুধবার (২০ মে) এশার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামের মোল্লা বাড়ির বায়তুল আমান জামে মসজিদের আঙিনায় শিশু রামিসার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় রামিসার আত্মীয়-স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিসহ শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তাকে মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত রামিসা আক্তার সিরাজদিখানের মধ্য শিয়ালদী গ্রামের মরহুম হেলাল উদ্দিন মোল্লার ছেলে হান্নান মোল্লার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হয় শিশু রামিসা। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার রামিসাকে ফুসলিয়ে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। পরে সোহেল রানা শিশুটিকে বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতনের একপর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক ওই মুহূর্তেই রামিসার মা তার খোঁজে সোহেল রানার দরজায় কড়া নাড়তে শুরু করেন। ধরা পড়ার ভয়ে ঘাতক সোহেল রানা বাথরুমের ভেতরেই রামিসাকে গলা কেটে হত্যা করে। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে ধারাল ছুরি দিয়ে মাথা কেটে শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। এমনকি শিশুটির দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে এবং সংবেদনশীল অঙ্গ ক্ষতবিক্ষত করে মরদেহটি খাটের নিচে লুকিয়ে রাখা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের সময় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার একই রুমে অবস্থান করছিল। পরবর্তীতে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান আসামি সোহেল। হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই পল্লবী থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে।

পল্লবী থানা পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তদন্ত শুরু করে প্রথমে হত্যাকাণ্ডে সহায়তাকারী স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা আদালতে হাজির হয়ে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এই জঘন্য ও পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং আসামিদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। ছবি: সংগৃহীত

কক্সবাজারে ডাকাতের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত বাংলাদেশ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩) হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পরপরই কক্সবাজারের আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় আদালত প্রাঙ্গণে। 

পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের একে একে আদালত ভবন থেকে বের করে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে পাঠানো হয়। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় সাধারণ মানুষ, নিহত সেনা কর্মকর্তার স্বজন এবং গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নিহত সেনা কর্মকর্তা লে. তানজিম টাঙ্গাইল জেলার বাসিন্দা। রামু সেনানিবাস এই তরুণ সেনা কর্মকর্তার স্মরণে রামু ক্যান্টনমেন্ট পরিচালিত স্কুল এন্ড কলেজের নাম দিয়েছে লে. তানজিম স্কুল এন্ড কলেজ। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডাকাত প্রবণ এলাকা পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩)। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মামলা সূত্রে আরো জানা গেছে, ঘটনার রাতে ডুলাহাজারা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিমের বাড়ি ডাকাতি করার সময় রামু সেনানিবাসের মেজর উজ্জলের নেতৃত্বে ৩২ জন সেনার একটি চৌকস দলসহ যৌথবাহিনী ডাকাত দলকে ধরার জন্য ওঁৎ পেতে ছিলেন। ডাকাতদল সেনা উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোরশেদ নামের এক ডাকাতকে পেছন থেকে ঝাপটে ধরেন লে. তানজিম। 

অনেক ধস্তাধস্তির পর ডাকাত মোরশেদ ছাড়া না পেয়ে অপর সঙ্গীয় ডাকাত আমিন, নাসির ও হেলালকে ডাক দেয়। তখন তারা তিন ডাকাত এসে লে. তানজিমকে তার ঘাড়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছিনিয়ে নেয় মোরশেদকে। তানজিমের গায়ে জ্যাকেট পরিহিত থাকায় ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয় ঘাড় ও গলা। আহত তরুণ সেনা কর্মকর্তা লে. তানজিমকে রামু সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা মামলা দায়ের করেন চকরিয়া থানায়। একই ঘটনায় চকরিয়া থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন অস্ত্র আইনে আরো একটি মামলা করেন। পরে তদন্তভার পান চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবিলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র মামলায়ও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বাদী পক্ষে নিয়োজিত আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর কালের কণ্ঠকে জানান- ‘মামলায় ১৮ আসামির মধ্যে ১৩ জনের শাস্তি হয়েছে এবং অপর ৫ জন খালাস পেয়েছেন। ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দণ্ডাদেশ দিয়েছেন।’

তিনি জানান, মামলায় গ্রেপ্তার হওয়া ৬ জন আসমি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার কথা স্বেচ্ছায় স্বীকার করেছেন। মামলায় স্বাক্ষী ছিলেন ৫২ জন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি হচ্ছেন- মো. হেলাল উদ্দিন, নুরুল আমিন, মোরশেদ আলম (পলাতক) ও নাসির উদ্দিন। 

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- জালাল উদ্দিন, মো. আরিফ উল্লাহ, মো. আনোয়ার হাকিম, মো. ইসমাইল হোসেন প্রকাশ হোসেন, এনামুল হক এনাম ওরফে তোতলা এনাম, মোহাম্মদ কামাল ওরফে ভেন্ডি কামাল, মোহাম্মদ এনাম, আবদুল করিম প্রকাশ মো. করিম ও জিয়াবুল করিম। 

খালাস প্রাপ্তরা হলেন- মোহাম্মদ ছাদেক, আনোয়ার ইসলাম, শাহ আলম, আবু হানিফ ও মিজবাহ উদ্দিন। দণ্ডিতরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার বাসিন্দা।

তদন্ত শেষে পুলিশ দুই মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তদন্তে এজাহারভুক্ত কয়েকজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয় এবং নতুন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।

মামলার শুরু থেকেই ঘটনার বিষয়টি আলোচিত ছিল। নিহত সেনা কর্মকর্তা তানজিমের পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতির কথা জানিয়েছেন।