• ই-পেপার

বারহাট্টায় ইয়াবা-গাড়িসহ আটক ২

নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ঘরের পাশে মিলল বৃদ্ধের মরদেহ

পিরোজপুর প্রতিনিধি
নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ঘরের পাশে মিলল বৃদ্ধের মরদেহ
সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার এক দিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওজা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামে একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা এবং বিপেন হালদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) সন্ধ্যায় প্রতিদিনের মতো নির্মল ওজা স্থানীয় কুড়িয়ানা বাজারে যান। রাত ৮টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতেই নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের ভাগিনা দিলীপ হালদার বলেন, ‘মামার সঙ্গে কারো শত্রুতা ছিল না। তিনি গলায় প্রায় দেড় ভরির দুটি স্বর্ণের লকেট পরতেন। তার কাছে কিছু নগদ টাকাও ছিল।’

নির্মলের সম্পর্কের ভাই ও প্রতিবেশী সমীরণ রায় জানান, এলাকায় নির্মল ‘ওজা’ হিসেবে পরিচিত ছিলেন। মানুষের প্রয়োজনে তিনি প্রায়ই টাকা ধার দিতেন। ঘটনার দিনও তাঁর কাছে টাকা ছিল বলে পরিবারের ধারণা।

প্রতিবেশী অমল রায় বলেন, ‘নির্মল আমাদের বিভিন্ন সময় আর্থিক সহায়তা করতেন। এক সপ্তাহ আগেও তিনি আমাকে ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন। সোমবার রাতে শুনি তিনি নিখোঁজ, আর সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাই।’

পুলিশ জানায়, ঘটনাস্থলে নিহতের গলায় কোনো স্বর্ণের লকেট পাওয়া যায়নি। এ ছাড়া তার কাছে মোবাইল ফোন বা টাকা-পয়সাও ছিল না।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) সঞ্জয় বলেন, ‘ঘটনাস্থলে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’

যোগদান করলেন বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক

যোগদান করলেন বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক
সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। নতুন এই সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। নিয়োগ পাওয়ার পরদিনই আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

এর আগে গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসিচব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত পত্রের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক পদে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নবগঠিত এই সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত এক সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বর্তমান বগুড়া পৌরসভা এবং এর সঙ্গে সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকা (যেমন—ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, মালগ্রাম, ঠনঠনিয়া, মালতীনগর, ফুলদিঘী ও বেতগাড়ী) সমন্বয়ে মোট ২১টি ওয়ার্ড নিয়ে এই নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতা নাহিদ বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে স্বাধীন ভাই প্রথম প্রশাসক হয়েছেন। আমরা চাই তাঁর হাত ধরেই বগুড়া সিটি করপোরেশনের সব অপূর্ণতা পূরণ হোক।’

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যোগদানের পর এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। সব মানুষকে সাথে নিয়ে বগুড়া সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাবো।’

বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা এবং প্রথম প্রশাসক নিয়োগের মাধ্যমে পুরো শহর ও এর আশপাশের বাসিন্দাদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তবে নতুন এই সিটি করপোরেশনকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন এবং বর্ধিত নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে প্রথম প্রশাসকের প্রধান চ্যালেঞ্জ এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।

কোরবানি

চামড়া সংরক্ষণে লবণ বিতরণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ সরকারের

অনলাইন ডেস্ক
চামড়া সংরক্ষণে লবণ বিতরণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ সরকারের

ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ বিতরণ, বিশেষ ঋণ সুবিধা এবং বিসিক চামড়া শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। চামড়াশিল্পের চলমান সংকট মোকাবেলা এবং মানসম্মত কাঁচা চামড়া সংরক্ষণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স এসব তথ্য নিশ্চিত করেছে।

চামড়াশিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নসংক্রান্ত টাস্কফোর্স সূত্রে জানা গেছে, কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকারি অর্থায়নে সারা দেশে মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিনা মূল্যে লবণ পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।

একই সঙ্গে কোরবানির চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বাড়াতে মাংস শ্রমিক ও মসজিদের ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। সরকারি অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য—চামড়া নষ্ট হওয়া কমিয়ে মান উন্নয়ন নিশ্চিত করা।

গত বছর ৯ হাজার ৩৩০টি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের জন্য বরাদ্দ ২০ কোটি টাকার মধ্যে ১১ হাজার ৫৭১ মেট্রিক টন লবণ ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছিল। জেলা পর্যায়ের প্রকৃত চাহিদা অনুযায়ী শেষ পর্যন্ত ৮ হাজার ৯৬ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়। ফলে প্রায় ১৩ লাখ ৭৯ হাজার ৯২৩টি চামড়া সফলভাবে সংরক্ষণ করা সম্ভব হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে গরু ও মহিষ প্রায় ৫৭ লাখ, ছাগল ও ভেড়া ৬৬ লাখ এবং অন্যান্য পশু প্রায় সাড়ে ৫ হাজার। এ বছর কোরবানির চাহিদা এক কোটির কিছু বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক হিসাবে চামড়া সংরক্ষণে ৮০ থেকে ৮৫ হাজার মেট্রিক টন লবণের প্রয়োজন হতে পারে। গত বছর এ খাতে প্রায় ৭০ হাজার মেট্রিক টন লবণ ব্যবহৃত হয়েছিল।

টাস্কফোর্স জানিয়েছে, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়সহ পশুর হাট এবং স্থানীয় দোকানগুলোতে পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি সারা দেশের লবণ ডিলার ও মিল মালিকদের তালিকাও সরবরাহ করা হবে।

এ ছাড়া চামড়া সংগ্রহ ও বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে দেশব্যাপী চামড়া আড়তদার ও ব্যবসায়ীদের একটি খসড়া ডাটাবেজও প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে তাদের নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, কোরবানির মৌসুমে চামড়া কেনা ও সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা বাড়াতে বিশেষ ঋণ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

গত ৫ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পুনঃতফসিল বা খেলাপি ঋণ থাকা চামড়া ব্যবসায়ীরাও আগামী ৩০ জুন পর্যন্ত খেলাপি অবস্থায় থেকেই নতুন মূলধনী ঋণ নিতে পারবেন। এ ছাড়া ব্যাংকগুলোকে চলতি বছর চামড়া খাতে ঋণ বিতরণের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে, যা কোনোভাবেই ২০২৫ সালের চেয়ে কম হতে পারবে না।

চামড়াশিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখতে বিসিক চামড়া শিল্পনগরী, ঢাকায় ঈদের পরবর্তী তিন মাস নিরবচ্ছিন্ন ও নির্ধারিত ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পবিস-৩, আরইবি এবং পাওয়ার গ্রিড বাংলাদেশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া সিইটিপিতে ডেডিকেটেড এক্সপ্রেস ফিডার লাইনের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু রাখা, শিল্পনগরী ও সিইটিপিতে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখা এবং সাভার গ্রিড থেকে বিশেষ লোড বরাদ্দের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

ইমামের মোটরসাইকেল নিয়ে পুরনো বাইসাইকেল রেখে গেল চোর

অনলাইন ডেস্ক
ইমামের মোটরসাইকেল নিয়ে পুরনো বাইসাইকেল রেখে গেল চোর
বাইসাইকেলটি রেখে গেছে চোর। ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরের একটি মসজিদের ইমামের মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার আগে একই স্থানে পুরনো একটি বাইসাইকেল রেখে গেছে চোর।

সোমবার (১৮ মে) ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এ চুরির ঘটনা ঘটে।

মসজিদটির ইমাম আবদুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরেও তিনি ফজরের নামাজ পড়াতে তার ১২৫ সিসির মোটরসাইকেলযোগে মসজিদে আসেন। নামাজ শেষে তিনি বাইরে এসে দেখেন, যেখানে তিনি মোটরসাইকেলটি রেখে গিয়েছিলেন সেখানে মোটরসাইকেলটি নেই। তবে সেখানে তিনি একটি পুরনো বাইসাইকেল দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার পর তিনি জানতে পারেন, বাইসাইকেলটি ওই এলাকার কারো নয়। তিনি সৈয়দপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

আরিফুল হক নামের এক মুসল্লি বলেন, ‘চোর সম্ভবত নিজের বাইসাইকেলটি রেখে হুজুরের মোটরসাইকেলটি নিয়ে গেছে।’

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম জানান, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি দেখা গেছে। তাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।