• ই-পেপার

ঠাকুরগাঁও

সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, উদ্বিগ্ন খামারিরা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, দুই বন্ধু নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, দুই বন্ধু নিহত
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছন। বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ঋত্বিক নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘মরদেহ মর্গে রয়েছে। পরিবার আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।’

যে গ্রামে প্রতিবছর বিক্রি হয় ৬ কোটি টাকার লিচু

নড়াইল সংবাদদাতা
যে গ্রামে প্রতিবছর বিক্রি হয় ৬ কোটি টাকার লিচু
ছবি: কালের কণ্ঠ

নড়াইলের চিত্রা নদীর তীরঘেঁষা গ্রামটির নাম ‘পঙ্কবিলা’। গ্রামটিতে ঢুকতে চোখে পড়ে গাছে গাছে ঝুলছে লাল টসটসে লিচু। গাছতলায় বসা একদল নারী-পুরুষ। তারা কেউ লিচু সংগ্রহ করছেন, কেউ বা সেগুলো বাছাই করছেন। প্রতিবছর এ গ্রাম থেকে ৫ থেকে ৬ কোটি টাকার লিচু বিক্রি হয়।

গ্রামটি এখন অনেকের কাছে ‘লিচু গ্রাম’ নামে পরিচিত। স্থানীয়দের দাবি, ব্রিটিশ আমল থেকে পঙ্কবিলায় লিচু চাষ হয়ে আসছে। কয়েক প্রজন্ম ধরে গ্রামের অধিকাংশ পরিবার কোনো না কোনোভাবে তারা লিচু চাষের সঙ্গে যুক্ত। 

চলতি মৌসুমে ভালো ফলন ও দাম পেয়ে খুশি চাষি ও ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, অনুকূল আবহাওয়ার কারণে গত কয়েক বছরের তুলনায় এবার গাছে গাছে লিচুর ফলন ভালো হয়েছে, বিষমুক্ত (অর্গানিক) হওয়ায় এলাকার লিচুর চাহিদা ও বেশি। পঙ্কবিলা গ্রামের এ লিচু স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, গোপালগঞ্জ, বগুড়া, রংপুর, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের অন্তত ২০ জেলায়। 

পঙ্কবিলা গ্রামের বাসিন্দা তুহিন খান বলেন, ‘পূর্বে যে পরিমাণ লিচু হতো এখন সেই রকম লিচু হয় না। তবে যা হয় সেটিও কম না। পঙ্কবিলার লিচু জেলার চাহিদা পূরণ করে বাইরের জেলাগুলোতে বিক্রি হয়। মৌসুমে বাগনসহ লিচু গাছ কিনে নেন পাইকারি ব্যবসায়ীরা। গাছ চুক্তিতে বিক্রি হয় যায় লিচু। যারা পারিবারিকভাবে অল্প চাষ করেন তারা কেউ নিজেরা বিক্রি করেন। কেউবা পাইকারি দরে পিস হিসাবে বিক্রি করেন।’

আক্তার খান নামে আরেক লিচু চাষি বলেন, ‘চলতি মৌসুমে খুচরা বাজারে ১০০টি লিচু ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে প্রতি হাজার লিচু ২ হাজার থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গাছগুলো থেকে লিচু পাড়া, সাজানো, আঁটি বাঁধা, গণনা করা। এসব কাজে পাইকারি ব্যবসায়ীরা নিজেরাই শ্রমিক নিয়ে আসেন। অল্প কিছু শ্রমিক স্থানীয়রা।’ 

তিনি বলেন, ‘প্রতিবছর এ গ্রাম থেকে ৫ থেকে ৬ কোটি টাকার লিচু বেচাকেনা হয়। লিচুর সাফল্য দেখে আশপাশের গ্রামের কৃষকরাও এখন লিচু চাষে আগ্রহী হয়ে উঠেছে।’ 

পঙ্কবিলা গ্রামের লাল টসটসে লিচুর বাগানের সুনাম দীর্ঘদিনের। এ গ্রামের লিচু কিনতে জেলা শহরের পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে ভিন্ন জেলার লিচু ব্যবসায়ীরা এখানে এসে লিচু কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন।

খুলনা ফুলতলা থেকে আসা লিচু ব্যবসায়ী করিম শেখ বলেন, ‘প্রতিবছর পঙ্কবিলা এসে পাইকারি মূল্যে লিচু নিয়ে খুলনা বাজারে বিক্রি করি। আমরা বেশির ভাগ সময়ে গাছ চুক্তিতে লিচু কিনি। লিচুগুলো গাছে থাকে। আমরা বাজার দর ও সময় উপযোগী মনে করে লিচু তুলে বাজারে বিক্রি করি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পঙ্কবিলা গ্রামে ৪২ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লিচুর আবাদ করা হয়েছে। এখানে দেশি জাতের পাশাপাশি বোম্বাই, মোজাফফর ও চায়না -৩ জাতের লিচু চাষ করেছেন চাষিরা।এ বছর ৪০০ শত মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 

নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, সদর উপজেলার পঙ্কবিলা গ্রামে ৪২ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৬ কোটি টাকার লিচু বিক্রি করতে পারবেন ওই এলাকার লিচু চাষিরা। পঙ্কবিলা গ্রামের লিচু চাষের ফলন থেকে আশপাশের গ্রামের মানুষেরা লিচু চাষে আগ্রহী হয়ে উঠেছে। আমরা কৃষি বিভাগ থেকে লিচু চাষিদের খোঁজখবর নেওয়াসহ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।

টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজ শুরু হয়েছে। এ কারণে আজ বুধবার (২০ মে) জেলার নির্দিষ্ট কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

কারারক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ, কেরানীগঞ্জে মহাসড়ক অবরোধ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কারারক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ, কেরানীগঞ্জে মহাসড়ক অবরোধ
ছবি: কালের কণ্ঠ

কারারক্ষী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরি প্রার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে কেন্দ্রীয় কারাগারের নিয়োগ পরীক্ষায় বাদ পড়া কয়েক শ চাকরিপ্রার্থী কারাগারের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও তদবির বাণিজ্য হয়েছে। মেধার ভিত্তিতে নয়, প্রভাবশালীদের সুপারিশে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা। নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানান চাকরি প্রার্থীরা।

পটুয়াখালী থেকে আসা চাকরি প্রার্থী রাকিব হোসেন বলেন, তিনি সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখানে উচ্চতা সংক্রান্ত অজুহাতে বাদ পড়েছেন। অন্যদিকে, ঝালকাঠির শাওন বলেন, নির্ধারিত যোগ্যতা থাকলেও অনেককে ইচ্ছামতো বাদ দেওয়া হয়েছে। যাদের পরিবারের লোক প্রশাসনের আছে তাদের নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে উত্তেজিত কিছু আন্দোলনকারী সড়কে থাকা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শরীয়তপুরের যাত্রী হাফিজ বলেন, সকালে বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি। সড়ক অবরোধের কারণে জরুরি কাজেও পৌঁছাতে পারছি না। এখন কিছু হলেই সড়ক বন্ধ করে আন্দোলন করে। এতে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা দীর্ঘ দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বলেন, নিয়োগ বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়া অনেক প্রার্থীর মধ্যে যারা বাদ পড়বে, তাদের কিছুটা মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালনা করা হয়েছে। বিভিন্ন রাউন্ডে যারা বাদ পড়েছে, তাদের কেউ কেউ হয়তো বাইরে গিয়ে আন্দোলনে অংশ নিয়েছে।

তিনি জানান, এ নিয়োগ পরীক্ষায় চারটি ধাপে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে। মোট ৪৫০ জন পুরুষ ও ২২ জন নারী প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। কারাগারের মাঠে এই চারটি ধাপে শারীরিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মধ্যে থাকবে উচ্চতা ও অন্যান্য শারীরিক মাপজোক, দৌড়, পুরুষদের ক্ষেত্রে হাই-জাম্প এবং নারীদের ক্ষেত্রে লং জাম্প, পুরুষদের জন্য পুশ-আপ এবং নারীদের জন্য সিট-আপ। এ ছাড়া সবার জন্য রোপ ক্লাইম্বিং পরীক্ষা থাকবে। এই ধাপগুলো যারা সফলভাবে উত্তীর্ণ হবে, কেবল তাদেরই পরবর্তী ধাপে মেডিক্যাল পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। স্বাস্থ্যগত কোনো জটিলতা পাওয়া গেলে প্রার্থীদের বাদ দেওয়া হবে বলেও তিনি জানান। তবে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করা হচ্ছে।