• ই-পেপার

অবৈধ হাট ও খুঁটির ব্যবসা ঠেকাতে কঠোর নজরদারি থাকবে : সিএমপি কমিশনার

মাউন্ট মাকালু জয়ের গল্প শোনালেন বাবর আলী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মাউন্ট মাকালু জয়ের গল্প শোনালেন বাবর আলী
ছবি : কালের কণ্ঠ

পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (৮ হাজার ৪৮৫ মিটার) জয়ের রোমাঞ্চকর ও মিশ্র অনুভূতির গল্প শোনালেন দেশের অন্যতম শীর্ষ পর্বতারোহী ডা. বাবর আলী। গত ২ মে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই টেকনিক্যালি দুর্গম পর্বত চূড়ায় প্রথম বাংলাদেশি হিসেবে লাল-সবুজ পতাকা ওড়ান তিনি। এর মাধ্যমে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের অধিক উচ্চতার পর্বতের মধ্যে ৫টি সফলভাবে আরোহণের অনন্য রেকর্ড গড়লেন বাবর, যা আর কোনো বাংলাদেশির নেই। 

দেশে ফিরে ১৭ মে (রবিবার) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। ‘এক্সপিডিশন মাকালু : দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযান-পরবর্তী সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে বাবর আলী তার অভিযানের নানা রোমাঞ্চকর, প্রতিকূল ও বেদনাবিধুর অভিজ্ঞতা তুলে ধরেন।

টাকার স্বল্পতায় লক্ষ্য বদল, অতঃপর মাকালু জয়সংবাদ সম্মেলনে বাবর আলী জানান, চলতি বছর তার মূল পরিকল্পনা ছিল কারাকোরাম হিমালয়ে অবস্থিত বিশ্বের নবম উচ্চতম শৃঙ্গ ‘নাঙ্গা পর্বত’ আরোহণ করা। কিন্তু প্রয়োজনীয় স্পন্সর বা টাকার স্বল্পতার কারণে শেষ মুহূর্তে তিনি নিজের লক্ষ্য পরিবর্তন করে ‘মাউন্ট মাকালু’ বেছে নেন।

‘মহা-কালো’ খ্যাত মাকালুর বৈরী আবহাওয়ার বর্ণনা দিয়ে বাবর বলেন, ‘পূর্বে বেশ কয়েকটি আটহাজারি পর্বত আরোহণ করলেও মাকালুর মতো হাড় কাঁপানো ঠাণ্ডা আর তীব্র বাতাসের মুখোমুখি কোথাও হতে হয়নি। এই পর্বতে কাটানো প্রতিটি মিনিটই ছিল এক একটি যুদ্ধ। এখানকার আবহাওয়া ভীষণ রহস্যময়, চোখের পলকে বদলে যায়।’ 

মাকালু জয়ের আনন্দ থাকলেও বাবরের কণ্ঠে ছিল সহযোদ্ধাদের হারানোর গভীর ক্ষত। মিশ্র অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘এই অভিযানে আমি আমার আমেরিকান বন্ধু শেলি জোহানসেনকে হারিয়েছি। চূড়া আরোহণ শেষে নেমে আসার সময় তুষারধসে পড়ে শেলি মারা যান। এ ছাড়া আমার আরেক বন্ধু, রাশিয়ার কন্সট্যান্টিন তীব্র তুষারক্ষতের (ফ্রস্টবাইট) শিকার হয়ে হাত-পায়ের বেশ কয়েকটি আঙুল হারিয়েছে। পর্বত মাঝে মাঝে খুবই অন্যায্য আচরণ করে। তাই লাল-সবুজ পতাকা ওড়ানোর আনন্দের পাশাপাশি এই দুর্ঘটনাগুলোর কষ্টও আমাকে তাড়া করে বেড়াচ্ছে।’ 

তরুণদের উদ্দেশে বাবর বলেন, পর্বতারোহণ কোনো খেয়ালি বিষয় বা দিবাস্বপ্ন নয়; এর জন্য প্রয়োজন দীর্ঘ সাধনা ও কঠোর প্রস্তুতি। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিশ্বের বাকি ৯টি আটহাজারি পর্বত চূড়াতেও লাল-সবুজ পতাকা ওড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পাশে থাকার প্রত্যয় স্পন্সরদেরঅনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘ভিজ্যুয়াল নিটওয়্যার লি.’-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল বাবরের এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানিয়ে আগামীতেও তার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এই অভিযানে যুক্ত হওয়া ‘সামুদা স্পেক-কেম লিমিটেড’-এর ব্র্যান্ড ম্যানেজার ইমতিয়াজ ইবনে ইমাম বাবরের সাহসিকতার প্রশংসা করেন। এই অভিযানে আরো পৃষ্ঠপোষকতা করেছে চন্দ্রবিন্দু প্রকাশন, মাই হেলথ ও রহমান গ্রোসারিজ। 

আরো পড়ুন
অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর

অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর

 

ভার্টিক্যাল ড্রিমার্স-এর সভাপতি ফরহান জামান বলেন, ‘মাকালুর চূড়ায় বাবরের সৌজন্যে আমাদের গর্বের লাল-সবুজ পতাকা উড়েছে। জাতি হিসেবে এটি আমাদের জন্য বিশাল গর্বের। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে বাবর বাংলাদেশের পর্বতারোহণকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।’ 

পেশায় চিকিৎসক বাবর আলীর পাহাড়ে পথচলা শুরু ২০১০ সালে চট্টগ্রামের পাহাড়ে। ২০১৪ সাল থেকে হিমালয়ের চূড়ায় চোখ তার। ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নেন তিনি। এরপর বছর ২০২২ সালে আমা দাবলাম (২২ হাজার ৩৪৯ ফুট) প্রথম বাংলাদেশি হিসেবে অত্যন্ত দুর্গম ও টেকনিক্যাল এই চূড়া জয়। ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে (২৯ হাজার ৩৫ ফুট ও ২৭ হাজার ৯৪০ ফুট) একই অভিযানে দুটি আটহাজারি পর্বত জয়ের একমাত্র বাংলাদেশি রেকর্ড। ২০২৫ (এপ্রিল) অন্নপূর্ণা-১ (২৬ হাজার ৫৪৫ ফুট) প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত জয়। ২০২৫ (সেপ্টেম্বর) মাউন্ট মানাসলু (২৬ হাজার ৭৮১ ফুট) প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া আটহাজারি পর্বত জয়। ২০২৬ (মে) মাউন্ট মাকালু (২৭ হাজার ৮৩৮ ফুট) প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত জয়। 

মাকালু জয়ের মাধ্যমে ১৪টি আটহাজারি শৃঙ্গ ছোঁয়ার স্বপ্নের পথে নিজের পঞ্চম ধাপটি সফলভাবে সম্পন্ন করলেন এই অকুতোভয় বাংলাদেশি লড়াকু।

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, অভিযোগ পরিবারের

খুলনা অফিস
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, অভিযোগ পরিবারের
সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিলসংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ব্যক্তির নাম আলী নুর ডাবলু (৪৮)। তিনি নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা এতিম আলীর ছেলে। ডাবলু সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত বলে তার আত্মীয়রা জানিয়েছে। 

এ ছাড়া ডাবলু আইনমন্ত্রী আসাদুজ্জামানের চাচাতো ভাই বলে একটি সূত্র জানালেও কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এমন কোনো তথ্য তার জানা নেই।

আরো পড়ুন
শরীরে এত বেশি ক্ষত, স্যালাইন দেওয়া সম্ভব হচ্ছিল না : চিকিৎসক

শরীরে এত বেশি ক্ষত, স্যালাইন দেওয়া সম্ভব হচ্ছিল না : চিকিৎসক

 

ওসি বলেন, ‘গুলির খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

চিকিৎসক ও স্বজনদের সূত্রে জানা যায়, ডাবলুর বাঁ হাতে পরপর তিনটি গুলি লাগে। গুলিগুলো এখনো শরীরের ভেতরে রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো অপসারণের প্রস্তুতি চলছে।’

আহতের স্বজনদের দাবি, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তারা জানান, ডাবলু সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত এবং খুলনা ও ঢাকায় তার অফিস রয়েছে। সম্প্রতি তার কাছে চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় বাসার নিচে দাঁড়িয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

আহত ডাবলুর এক স্বজন বলেন, বাসায় গিয়ে চাঁদা চাওয়া হয়েছিল। চাঁদা না দেওয়ার কারণেই তাকে গুলি করা হয়েছে।

প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন : ভূমিমন্ত্রী
রাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি : সংগৃহীত

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।

রবিবার (১৭ মে) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর রাজশাহী আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ১২ থেকে ১৪ বছরের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।’ তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। উপযুক্ত যোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে তৈরি করে দেশ সেবায় নিয়োজিত হতে হবে।’

আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই স্টেডিয়ামজুড়ে এক প্রাণবন্ত ও উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে সারিবদ্ধভাবে মাঠে অবস্থান নেয়। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সেজে ওঠে পুরো ক্রীড়াঙ্গন। গ্যালারিতেও ছিল অভিভাবক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, মোহাম্মদ হাবিবুর রহমান, ড. চিত্রলেখা নাজনীন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান প্রমুখ।

সৌদি আরবে সড়কে ঝরল কুমিল্লার ২ প্রবাসীর প্রাণ

কুমিল্লা প্রতিনিধি
সৌদি আরবে সড়কে ঝরল কুমিল্লার ২ প্রবাসীর প্রাণ
সংগৃহীত ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কে আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরে আলম (৪২) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া (৪৩) জেলার চৌদ্দগ্রাম উপজেলা পৌর এলাকার বাসিন্দা। তারা দুই বন্ধু সৌদি আরবের রিয়াদে এ সঙ্গে ব্যবসা করতেন।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশে রওনা দেন তারা। এক পর্যায়ের তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, নুরে আলম আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। স্বামীর লাশ দেশে আনতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করেছেন তিনি। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। পরিবার আবেদন করলে লাশ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় লাশ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।