• ই-পেপার

‘অবহেলায়’রোগীর মৃত্যু, পীরগঞ্জে চিকিৎসকের ওপর হামলা

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ২

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ২
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আমির (২৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে তার অবস্থাই সবচেয়ে আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে শংকর (২৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় মোট ১২ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুজনসহ মোট ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে আ. লীগ নেতা নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে আ. লীগ নেতা নিহত
আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিন আহম্মেদ। সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিন আহম্মেদ (৮০) নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ।

এর আগে শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রহিম উদ্দিন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। তিনি বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে একই পাড়ার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত রহিম উদ্দিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে অভিযোগ করেন, রহিম উদ্দিন পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। তাদের দাবি, সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য ঢাকার শাহবাগ থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

ভারতে সংখ্যালঘু মুসলিমদের হত্যা, নির্যাতন, বসতবাড়ি ও মসজিদ ধ্বংসের ঘটনার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) আসর নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জেলা ইমাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। 

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড়, সরকারি উচ্চ বিদ্যালয় হয়ে পুনরায় মসজিদ মোড়ে এসে শেষ হয়। 

মিছিলে অংশগ্রহণকারীরা, নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ এবং বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, মুসলিম নির্যাতন বন্ধ করো, মসজিদ-মাদরাসায় হামলার বিচার চাই, ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র রুখে দাও, মোদি-শুভেন্দু হুঁশিয়ার-হুঁশিয়ারসহ বিভিন্ন স্লোগান দেন।

আরো পড়ুন
অতীতে উন্নয়নের নামে বিপুল অর্থ ঋণ করে লুট হয়েছে : অর্থ উপদেষ্টা

অতীতে উন্নয়নের নামে বিপুল অর্থ ঋণ করে লুট হয়েছে : অর্থ উপদেষ্টা

 

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার ধর্ম। মুসলমান কখনো অন্যায়ের পক্ষে থাকতে পারে না। ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন।

বক্তারা আরো বলেন, ভারতে মুসলিম নিধন বন্ধ করতে হবে এবং মসজিদ ভাঙার রাজনীতি মানি না, মানব না। তারা অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক রাজনীতির কারণে ভারতে সংখ্যালঘু মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পিরোজপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে বলেন, ভারতে ঘটে যাওয়া ঘটনার প্রভাব যেন বাংলাদেশের কোথাও, বিশেষ করে পিরোজপুরে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের ওপর না পড়ে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ইসলাম নিরপরাধ মানুষের ক্ষতি করার শিক্ষা দেয় না বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. জুবায়ের, ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্রদল ও যুবদলের কর্মীরা অংশ নেন। 


 

শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টার উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আব্দুর রহমান (২) উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে আমির হোসেনের ছোট ছেলে। শিশুটির পিতা আমির হোসেন পেশায় একজন ভ্যানচালক।

পরিবারের সদস্যরা জানায়, শিশুটি প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। পরিবারের সদস্যরা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করতে পারেনি। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।