‎রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর গ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) তৎপরতায় এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের পরিবারকে জরিমানা করা হয় এবং উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

শুক্রবার (৮ মে) দুপুরে শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎আনসার-ভিডিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, খানখানাপুর ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেত্রী মালা কুণ্ডু রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রহিম মিয়াকে ফোন করে পাশের ইউনিয়নে একটি বাল্যবিবাহের আয়োজনের তথ্য দেন। খবর পাওয়ার পর তিনি বিষয়টি রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানাকে অবহিত করেন।

পরে জেলা কমান্ড্যান্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রহিম মিয়াকেও ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কনে ঋতু খাতুন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার জন্ম ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর। সে হিসাবে তার বয়স ১৬ বছর ৭ মাস, যা বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী বাল্যবিয়ে হিসেবে গণ্য হয়।

পরে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী কনের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মেয়েটির ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না—এ মর্মে ছেলে ও মেয়েপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

‎এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বাল্যবিয়ে প্রতিরোধে আনসার-ভিডিপির দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন।