পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের আকাশে দেখা মিলেছে রহস্যময় আলোর ঝলকানি। হঠাৎ আকাশজুড়ে তীব্র আলোর রেখা দেখতে পেয়ে বিস্মিত হয়ে পড়েন জেলার বিভিন্ন উপজেলার মানুষ। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে দেখা মিলে রহস্যময় এ আলোর ঝলকানি।

জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত, কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা, দশমিনা, বাউফল, দুমকি, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও বেতাগীসংলগ্ন উপকূলীয় এলাকা থেকেও আকাশে ওই উজ্জ্বল আলোর রেখা দেখা যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, সন্ধ্যার সময় পশ্চিম আকাশে কয়েক মিনিট ধরে অস্বাভাবিক উজ্জ্বল আলোর একটি রেখা ভেসে থাকতে দেখা যায়। কেউ এটিকে মহাজাগতিক কোনো ঘটনা বলে ধারণা করছেন, আবার কেউ ধূমকেতু বা বিশেষ কোনো আলোক বিচ্ছুরণের সঙ্গে মিল খুঁজছেন।

সমুদ্র সৈকত কুয়াকাটায় খুলনা থেকে বেড়াতে আসা পর্যটক মেহেদী হাসান জানান, সমুদ্র সৈকতের ঝাউবন এলাকায় অবস্থানের সময় হঠাৎ আকাশে উজ্জ্বল আলোর রেখাটি দেখতে পাই। পরে আমি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলো নিয়ে জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে। তবে রাত পর্যন্ত রহস্যময় এই আলোর বিষয়ে কোনো সরকারি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।