ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি গণতন্ত্র ও উন্নয়ন এবং শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। এ দলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য।

শুক্রবার ( ৮ মে) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের সমাজকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছে। দল যেসব প্রতিশ্রুতি দেয়, সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে। প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, সে সব প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করছে। ভোটের যে দাগ আঙুলের মধ্যে আছে, সে দাগ ওঠার আগেই প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে সরকার। সে প্রকল্পগুলো বাস্তবায়ন করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি সরকার যা প্রতিশ্রুতি করে তা বাস্তবায়ন করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএনপি কাজ করবে। জনগণ শান্তি চায়। বিএনপি জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। দলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।