• ই-পেপার

সিলেটে হাম উপসর্গে ৫ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট
মো. আমির হোসেন

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই ইমামের নাম মো. আমির হোসেন (৪০)। তিনি ১৩ বছর ধরে ওই মসজিদে ইমামতি করেছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে নামাজ পড়ার সময় মুসল্লিরা ইমামকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মসজিদের দ্বিতীয় তলায় তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পাশে একটি ডায়েরি পড়েছিল। ডায়রি থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে। 

‎‎মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, মঙ্গলবার আসরের নামাজের সময় মুসল্লিদের নিয়ে তিনি (ইমাম) নামাজ পড়েন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি মসজিদে অনুপস্থিত ছিলেন।আমরা মনে করেছিলাম ইমাম সাহেব কোথাও কাজে গেছেন। পরে স্থানীয়রা তাকে খুঁজতে খুঁজতে দ্বিতীয় তলায় জানালা দিয়ে দেখেন তার নিথর দেহ ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলছে। নিচে পড়ে আছে একটি মই।

‎‎সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

রংপুরে সবজি-ডিমে স্বস্তি, বাড়ল সোনালি মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে সবজি-ডিমে স্বস্তি, বাড়ল সোনালি মুরগির দাম
রংপুর নগরীর সিটি বাজার থেকে বুধবার সকালে তোলা। ছবি : কালের কণ্ঠ

সপ্তাহের ব্যবধানে রংপুর নগরীর খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিম ও বেশ কয়েকটি সবজির দামে স্বস্তি ফিরেছে। তবে পাকিস্তানি সোনালি ও হাইব্রিড জাতের মুরগির দাম বেড়েছে। স্থিতিশীল রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, মাছ ও মাংসের দাম। 

বুধবার (২৪ জুন) সকালে নগরীর ধাপ, মুলাটোলসহ বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

এদিকে রংপুরের ৮ উপজেলায় অতিরিক্ত দামে নিত্যপণ্যের বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসক জানিয়েছেন, উপজেলা প্রশাসন এসব বাজার মনিটরিং করছে। 
 
বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই অপরিবর্তিত। তবে পাকিস্তানি সোনালি মুরগির কেজি ৩২০-৩৩০ টাকা থেকে বেড়ে ৩৩০-৩৪০ টাকায় এবং পাকিস্তানি হাইব্রিড জাতের মুরগি ২৮০-৩০০ টাকা থেকে বেড়ে ৩১০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি লেয়ার মুরগি ৩৩০-৩৪০ টাকা এবং দেশি মুরগি ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে পোলট্রি মুরগির লাল ডিমের বাজারে স্বস্তি ফিরেছে। গত সপ্তাহে প্রতি হালি ডিম ৩৮-৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৫-৩৬ টাকায় নেমে এসেছে।

ধাপ বাজারের মুরগি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও পাকিস্তানি সোনালি মুরগির সরবরাহ কমে গেছে। ফলে দাম কিছুটা বেড়েছে।

একই বাজারের ডিম বিক্রেতা রনি মিয়া জানান, গত এক মাসের তুলনায় ডিমের দাম অনেকটাই কমেছে। পাইকারি বাজারে ১০০টি ডিম কিনতে ৮৫০ টাকা খরচ হচ্ছে। খুচরা বাজারে খুব সামান্য লাভে ডিম বিক্রি করছি।

সবজির বাজার ঘুরে দেখা যায়, মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় বেশ কয়েকটি সবজির দাম কমেছে। কাঁকরোল ৫০-৬০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, পটোল ৩০-৪০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকা, করলা ৪০-৫০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা এবং কচুরমুখি ৫০-৬০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা কলার হালি ২৫-৩০ টাকা এবং গাজর ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে কিছু পণ্যের দাম বেড়েছে। শজনে ১৮০-২০০ টাকা, লাউ ৪০-৫০ টাকা, কার্ডিনাল আলু ২০-২৫ টাকা এবং আমদানি করা আদা ১৪০-১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও বেড়ে ৫০-৬০ টাকায় পৌঁছেছে। পেঁয়াজ-৩০-৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মুলাটোল বাজারের সবজি বিক্রেতা হায়দার মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে দু-একটি সবজির দাম বাড়লেও বেশির ভাগ সবজির দাম কমেছে। বর্তমানে ২০ থেকে ৪০ টাকার মধ্যে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে। এতে ক্রেতাদের চাপ কিছুটা কমেছে।

তিনি আরো বলেন, দাম কমলে বিক্রি বাড়ে। তখন ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হন। 

মাংসের বাজারে গরুর মাংস ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

চালের বাজারেও বড় ধরনের কোনো পরিবর্তন নেই। স্বর্ণা (মোটা) চাল ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৫-৬০ টাকা, বিআর-২৮ ৬৫-৭০ টাকা, বিআর-২৯ ৬০-৬৫ টাকা, জিরাশাইল ৬০-৬৫ টাকা এবং মিনিকেট ও নাজিরশাইল চাল ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডাল ও ভোজ্য তেলের বাজারও স্থিতিশীল রয়েছে। এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৫-২১০ টাকা, খোলা সয়াবিন তেল ২০০-২২০ টাকা, মসুর ডাল ১০০-১৮০ টাকা, মুগডাল ১৫০-১৬০ টাকা এবং বুটের ডাল ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই মাছ ৩০০-৩৮০ টাকা, কাতল ৩০০-৫০০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০ টাকা, পাঙাশ ১৫০-২৫০ টাকা, টেংরা ৪০০-৫৬০ টাকা এবং শিং মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অধিকাংশ মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে।

সার্বিকভাবে ডিম ও বেশ কয়েকটি সবজির দাম কমায় রংপুরের বাজারে স্বস্তির আভাস মিললেও মুরগি, কাঁচা মরিচ ও কিছু পণ্যের দাম বাড়ায় ক্রেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় আগামী সপ্তাহগুলোতে দাম আরো সহনীয় পর্যায়ে আসতে পারে বলে আশা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, সরবরাহব্যবস্থা স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে বাজার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

নওগাঁ সীমান্তে ৯ জনকে ‘পুশইনের’ চেষ্টা, রুখে দিল বিজিবি

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সীমান্তে ৯ জনকে ‘পুশইনের’ চেষ্টা, রুখে দিল বিজিবি
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ভারত থেকে বাংলাদেশে পুশইন করা ব্যক্তিরা। ছবি : কালের কণ্ঠ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। বুধবার (২৪ জুন) সকালে এসব ব্যক্তিদের সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ওই নয়জন ব্যক্তি।

এতে বলা হয়, আজ ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদালতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। 

খবর পেয়ে আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই ৯ জন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পেয়ে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদের ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে গত ৫ জুন ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

টানা ৮ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
টানা ৮ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির বেশ কিছু এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত 'আলুটিলা ফিডার' আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা—খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া, আলুটিলা।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।