তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ উল্লাহ (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল টেকনাফের ২৪ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ (১৯) উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার মাহমুদুল্লাহ টিটিপির সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সক্রিয় উপস্থিতির প্রমাণ মিলেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে এবং টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মার্কিন আগ্রাসনে তাদের পতন ঘটে। ক্ষমতা হারানোর পর তালেবান যোদ্ধারা পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় পালিয়ে যান। সেখানে ২০০৭ সালে বেশ কিছু জঙ্গিগোষ্ঠী একটি জোট গঠন করে। তারা নিজেদের নাম দেয় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এটিই মূলত পাকিস্তান তালেবান হিসেবে পরিচিত।