মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদ সদর উপজেলার হিলালপুর এলাকার মৃত ছইদ উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে আজাদ পীরের বিরুদ্ধে সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১০টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি রয়েছে।

দীর্ঘদিন যাবৎ গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে সে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিল।

মৌলভীবাজার সদর মডেল থানার এই বিশেষ টিম গত ২৭ এপ্রিল সোমবার থেকে অভিযানে নামে। টানা দুই দিনের অভিযানের পর ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে।

মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।