নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৭ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন তিনটি ভ্যানগাড়ি তল্লাশি করা হয়। এসময় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদীবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




