<p>কক্সবাজারের উখিয়া সীমান্তে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি।</p> <p>উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, মায়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল কাটাখাল এলাকায় অবস্থান নেয়। এসময় ভারি বৃষ্টির সুযোগ নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে খাকি রঙের মোড়কে রাখা নীল বায়ুরোধী প্যাকেটে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।</p> <p>উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও পালিয়ে যাওয়া চোরাকারবারিকে শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ছাড়া বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।</p>