ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় মো. কাশেম মিয়া নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকালে পৌর এলাকার খমড়পুর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. কাশেম মিয়া (৫৫) উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে লাশ দেখতে ও জানাজায় অংশ নিতে তিনি বিজয়নগর যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ট্রাক আখাউড়ার দিকে আসার পথে বিজয়নগর অভিমুখী তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে মারা যান।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই লাশ বাড়িতে নিয়ে গেছেন। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




