ঝিনাইদহের মহেশপুর উপজেলার মথুরা (বিএডিসি) খামারের প্রাচীরসীমানা নির্মাণে নিম্নমানের ইট, বালু, পাথর, রড ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ইসতিয়াক কনস্ট্রাকশন উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মথুরা কৃষি খামারে ৫৭৫ মিটার সীমানাপ্রাচীর নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন।

জানা যায়, নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন মুখে কুলুপ আটকে আছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে প্রাচীর নির্মাণে। যার মধ্যে বেশির ভাগই ইট ২ নম্বর ও ৩ নম্বর। আর এসব নিম্নমানের ইট প্রকাশ্যেই ব্যবহার করছেন প্রাচীর নির্মাণে। তবে স্থানীয়রা একাধিকবার বাধা দিলেও তাদের কোনো কথাই শোনেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাংবাদিকরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ বিষয়ে অবগত করলে নিম্নমানের ইট সরিয়ে নেওয়া হবে বলে জানান। কিন্তু কয়েক দিন পর গিয়ে দেখা যায় সেই নিম্নমানের ইট-বালু নিয়েই কাজ করছে।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার রেজা হোসেন নিম্নমানের ইট ও বালির কথা স্বীকার করে বলেন, ‘এসব মালামাল এখান থেকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।’

বিএডিসির প্রকৌশলী মো. মামুন বলেন, ‘মথুরা ফার্মে যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে আমি সেখানে পরিদর্শন করি এবং সেখানে যেয়ে দেখতে পায় কাজের সাইডে যে ইট ব্যবহার করা হচ্ছে সে ইটগুলো নিম্নমানের হওয়ায় ইটগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।’