ঝিনাইদহের মহেশপুর পলিয়ানপুর সীমান্তে নিহত আফগান নাগরিক হাশমতের মরদেহ নিতে তার বড় ভাই মীর ওয়াসী লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। পারিবারিক শোক ও দায়িত্ববোধ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মহেশপুর থানায় আসেন।

জানা গেছে, শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে দ্রুত যশোরে যান মীর ওয়াসী। সেখান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মহেশপুরে আসেন। থানায় গিয়ে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং নিহত ভাইয়ের মরদেহ উদ্ধারের বিষয়ে আলোচনা করেন।

তিনি জানান, পরিবারের ইচ্ছা, হাশমতের মরদেহ কবর থেকে উত্তোলন করে নিজ দেশে নিয়ে গিয়ে ধর্মীয় বিধান অনুযায়ী পুনরায় দাফন করা।

পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি মানবিক ও সংবেদনশীল হওয়ায়  গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। এজন্য মীর ওয়াসীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, আইনি প্রক্রিয়া শেষ হলে দ্রুতই মরদেহ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।