নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে এক ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের বাধার মুখে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেন স্থানীয়রা।

রবিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্ল্যাক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুদিন আগে শামীম ওরফে জুয়েল নামের ওই ব্যক্তি সুমন মিয়ার দোকান থেকে ২ হাজার টাকার ফ্ল্যাক্সিলোড করে টাকা না দিলে তাকে আটক রেখে পরে টাকা আদায় করা হয়। এর জেরে রবিবার রাতে দুটি মোটরসাইকেলে করে ৪-৫ জন যুবক এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তাকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায় তারা। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তাদের ঘিরে ফেললে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এতে পথচারীসহ ৪ জন গুলিবিদ্ধ হন।

পরে উত্তেজিত জনতা ধাওয়া দিলে অন্যরা অস্ত্রসহ পালিয়ে গেলেও শামীমকে মোটরসাইকেলসহ আটক করে ধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং ৪টি গুলির খোসা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, ‘গুলিতে ৪ জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে আমির হোসেন নামে একজনের অবস্থা গুরুতর। অন্যদের শরীর ঘেঁষে গুলি গেছে, তারা তুলনামূলকভাবে কম আহত।’

তিনি আরো জানান, আটক ব্যক্তি কখনো নিজের নাম শামীম আবার কখনো জুয়েল বলে জানিয়েছেন। মারধরের কারণে তিনি অসুস্থ থাকায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার কাছ থেকে পলাতক অস্ত্রধারীদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।