রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) হামের উপসর্গ নিয়ে প্রথমবারের মতো এক শিশু মারা গেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. আ ন ম তানভীর চৌধুরী (নোমান) এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তানজিদ ইসলাম নামের সাত মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। শিশুটির লালমনিরহাট জেলার সদর উপজেলার রিয়াজুল ইসলামের ছেলে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, একই ধরনের উপসর্গ নিয়ে রমেক হাসপাতালের শিশু বিভাগে ২২ জন ভর্তি রয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে তাদের আইসোলেশন ওয়ার্ডে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে।

চিকিৎসকরা জানান, ভর্তি হওয়া শিশুদের মধ্যে জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, চোখ লালসহ নানা লক্ষণ দেখা যাচ্ছে। এসব সাধারণত হামের উপসর্গ হিসেবে পরিচিত। তবে এখনো নিশ্চিতভাবে কেউ হাম আক্রান্ত কি না, সেটি বলা যাচ্ছে না। এ জন্য আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. আ ন ম তানভীর চৌধুরী (নোমান) বলেন, ‘বর্তমানে যেসব শিশু ভর্তি রয়েছে তাদের মধ্যে হামের উপসর্গ দেখা গেলেও নিশ্চিত হওয়ার জন্য ল্যাবরেটরি পরীক্ষার প্রয়োজন। আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা দিচ্ছি। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’

এদিকে রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান কালের কণ্ঠকে জানান, ‘হাসপাতালে ভর্তি সব শিশুকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।’