পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরি করায় ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ কারাদণ্ড দেন।

এর আগে ২০২৪ সালে অক্টোবরে একই ঘটনায় তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ফারুক হোসেন উপজেলার শিংগাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। প্রশাসনের অভিযানেরও মধ্যেও তিনি কারখানা খুলে নিয়মিত নকল দুধ তৈরি করছিলেন।

আরো পড়ুন

রংপুরে সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ২

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ গ্লুকোজ জেলি, সয়াবিন তেল ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করছিলেন ফারুক হোসেন। এ অপরাধে ২০২৪ সালের ২২ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপরও তিনি নকল দুধ তৈরির কাজ করছিলেন। খবর পেয়ে শুক্রবার গভীর রাতে তার কারখানায় অভিযান চালানো হয়। এ সময় দুধ তৈরির নিষিদ্ধ সরঞ্জাম পাওয়া গেলে তাকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি কারখানা থেকে ২০০ লিটার নিষিদ্ধ গ্লুকোজ জেলি জব্দ করে ধ্বংস করা হয়।

এদিকে, ফারুক হোসেনের মতো উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের সঞ্জয় কুমার নামের আরেক ব্যক্তি একাধিকবার জেল-জরিমানা ভোগ করলেও নকল দুধ তৈরির কাজ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। একইভাবে কৈডাঙ্গা গ্রামের আবুল বাশারকেও গত বছর অর্থদণ্ড দেওয়া হয়। তবু তিনি দেদারছে নিষিদ্ধ গ্লুকোজ জেলিসহ নানা রাসায়নিক মিশিয়ে নকল দুধ তৈরি করছেন।

স্থানীয়রা জানান, অসাধু ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন এলাকায় কারখানা ও চিলিং সেন্টারে নিয়মিত নকল দুধ উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন।

আরো পড়ুন

এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি : স্পিকার

ভাঙ্গুড়া বাজারের দুগ্ধ খামারি আমিরুল ইসলাম বলেন, প্রকৃত খামারিদের দুধ প্রতিদিন সকাল ও সন্ধ্যায় চিলিং সেন্টারে পৌঁছায়। কিন্তু এখন অনেক চিলিং সেন্টারে সারা রাত বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ দুধ আসছে, যা সন্দেহজনক। নকল দুধ উৎপাদন বন্ধে এসব সেন্টারে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার। তাহলে এসব কর্মকাণ্ড বন্ধ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী, ফারুক হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০০ লিটার নিষিদ্ধ জেলি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।