নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইলিয়াস হোসেন ওরফে জয় (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৯ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ইলিয়াস হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার গোকনগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায়ও বসবাস করতেন। ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচার শেষে নারায়ণগঞ্জ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। দীর্ঘদিন নজরদারির পর তার অবস্থান নিশ্চিত হয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।






