নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও ভক্তদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোডাউন ও আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে শত শত আর্জেন্টিনা ভক্ত এ আয়োজনে অংশ নেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনের সূচনা হয়। বিকেল ৩টার দিকে ৩০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে সমর্থকেরা মাঠে সমবেত হন। এ সময় তাদের পরনে ছিল আকাশি-সাদা জার্সি এবং হাতে ছিল প্রিয় দলের পতাকা।
সমর্থকদের জয়ধ্বনি, স্লোগান ও উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দমিছিল মাঠ থেকে বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মজনু খন্দকার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, ছাত্রদল নেতা শিবলী, ক্রীড়া সংগঠক হলি খান, শিক্ষক পাবেল এবং সাংবাদিক কাওসার তালুকদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকদের দাবি, প্রায় এক হাজার আর্জেন্টিনা সমর্থক এ শোডাউন ও আনন্দমিছিলে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষে জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, ‘ফুটবলপ্রেমীদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানাতেই এ আয়োজন করা হয়েছে।’
স্থানীয় ভক্তরা জানান, কেন্দুয়ার মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা দীর্ঘদিনের। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং স্মরণীয় একটি আয়োজন উপহার দিতেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
মিছিল শেষে মাঠে সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত আড্ডা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।





