কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
জানা গেছে, দেশের ৬৪ জেলার মধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা ছয় জেলার অন্যতম নারায়ণগঞ্জে মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল শুরু হয়। একজন লেফটেন্যান্টের নেতৃত্বে সেনাবাহিনীর ছয়টি টিম জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি বিজিবিও পৃথকভাবে জেলার বিভিন্ন স্থানে টহল জোরদার করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার পাঁচটি উপজেলায় গোয়েন্দা সংস্থার নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সদর থানায় ২ জন, ফতুল্লা থানায় ৩ জন, রূপগঞ্জ থানায় ৩ জন, সোনারগাঁ থানায় ৪ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৩ জন এবং বন্দর থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, ‘তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো যেকোনো তথ্যের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’