জামালপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে গৌরীপুর রেলস্টেশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস রেললাইন ছেড়ে মাটিতে চলে যায়। এসময় হাজারো যাত্রী অল্পের জন্য রক্ষা পায়। বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে এসে গৌরীপুরে পৌঁছায় রাত সাড়ে ১০টার দিকে। ১৫ মিনিট অপেক্ষা করে ট্রেনটি চট্টগ্রামের দিকে রওনা হয়। এসময় কিছুদূর যেতেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। লাইন ছেড়ে মাটিতে সরে গেলেও অলৌকিকভাবে ট্রেনটি উল্টে যায়নি। এ ঘটনায় ১০-১২ জন যাত্রী আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
আর দূরদূরান্তের যাত্রীরা পড়েছেন বিপাকে।
এর আগে, বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আপ (সোনার বাংলা এক্সপ্রেস) ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রেলপথের গুনবতী ও হাসানপুর স্টেশনের মধ্যবর্তী ১০৯/৬ কিলোমিটার এলাকায় পৌঁছালে এর ৩০১৩ নম্বর ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম আপ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং লাইনটি ব্লক হয়ে পড়ে। পরে বিকল হওয়া ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি উদ্ধার করা হয়। এর ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ওই রেলপথে পুনরায় আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এদিকে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে ৪টি বগি লাইনচ্যুত হয়।
বিস্তারিত আসছে...




