• ই-পেপার

রূপগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত, দগ্ধ ১

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে আটক, পিটুনির পর মৃত্যু

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে আটক, পিটুনির পর মৃত্যু
সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকায় চোর সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে  আটক করে পিটুনির পর শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শামসুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে বুধবার (২৪ জুন) গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা আরো জানান, শাহাদাত দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও একাধিকবার চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন। সর্বশেষ বুধবার রাতে চুরির অভিযোগে তাকে আটক করা হলে পিটুনির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মত্তগ্রাম এলাকার সড়কের পাশে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়া (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কম্পানির একটি ট্রাক এবং একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যান ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়ার মৃত্যু হয়। এছাড়া পিকআপ ভ্যানের হেলপার, অটোরিকশাচালক ও ট্রাকচালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাইবান্ধায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো তসলিমা আক্তার মিম (১০) ও রবিউল ইসলাম রাফি (৯)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মিম ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশেই অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলা করছিল মিম ও রাফি। বিকেলে তারা বাড়ির নিকটবর্তী একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সঙ্গীরা তাদের খুঁজে পাচ্ছিল না। এদিকে, দীর্ঘ সময় তাদের দেখতে  না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে রাতে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মেহেরপুর সীমান্তে ৭ জনকে ‘পুশইনের’ চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সীমান্তে ৭ জনকে ‘পুশইনের’ চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা
মেহেরপুর সহড়াতলা সীমান্ত সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

মেহেরপুর সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বাহিনী বর্ডার গার্ড (বিজিবি) ও স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার ১৪২-এর ৫ এস সাব পিলারের কাছে শূন‍্যরেখার ওপারে সাতজনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয়দের দাবি, পুশইনের চেষ্টা করা সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, গতকাল মধ‍্যরাতের কোনো এক সময় ওই সাতজনকে ভারতের তারকাঁটা পার করে দেওয়া হয়। তখন তারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে আমরা তাদের দেখতে পেয়ে বিষয়টি বিজিবিকে জানাই। পুশইনের আশঙ্কায় সীমান্ত এলাকায় বতর্মানে বিজিবি নজরদারি অনেক বাড়িয়েছে।

বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, ভোরে বিএসএফ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। 

তিনি আরো বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি জোরদার করা হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা অব্যাহত রয়েছে।

রূপগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত, দগ্ধ ১ | কালের কণ্ঠ