ফরিদপুরে র্যাব-১০-এর অভিযানে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মো. রানা গাজী নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে ফরিদপুর র্যাব-১০ সিপিসি-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মো. রানা গাজী (৩২) সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা। তিনি দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।
র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব জানায়, ভৌগোলিক অবস্থানের কারণে ফরিদপুর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী গুরুত্বপূর্ণ সড়কপথের অন্যতম সংযোগস্থল। এ সুযোগ কাজে লাগিয়ে মাদক কারবারিরা প্রায়ই এই রুট ব্যবহার করে থাকে। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনের পাশাপাশি বিপুল পরিমাণ স্কাফ সিরাপও উদ্ধার হচ্ছে।
মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুবসমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, সাধারণ মানুষের কাছে মাদক বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে র্যাবকে জানাতে হবে। একটি তথ্য অনেক সময় একটি পরিবার বা একটি জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া স্কাফ সিরাপ, জব্দকৃত প্রাইভেটকার এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।






