কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইকুরিয়া বিআরটিএতে অভিযান পরিচালনা করে আইন অমান্যকারী চারজন দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে কেরানীগঞ্জস্থ ইকুরিয়া বিআরটিএ অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা বিআরটিএ-এর আদালত-৫-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বহিরাগত দালালরা আইন অমান্য করে বিআরটিএ অফিসের ভেতরে গ্রাহকদের কাছে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করার দায়ে মো. আব্দুল সালাম ও মো. পিন্টু নামের দুই দালালকে ৪০ দিন এবং নুর মোহাম্মদ ও মো. ইয়াছিন আরাফাতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিআরটিএ-এর আদালত-৫-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই বলেন, বিআরটিএ অফিস থেকে দালালমুক্ত করতে আমাতের এই ঝটিকা অভিযান। সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দালাল মুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছ। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আজকের এই অভিযান। এই অভিযানে চার দালালকে অপরাধের দিক বিবেচনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত সবাইকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অভিযানের সময় দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআরটিএ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




