ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক আক্কাছ মিয়া ও যাত্রী মনোয়ারা বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় মা-মেয়েসহ আরও দুজন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজুড়া ও আন্দিউড়া এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াপাড়া থেকে মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বেজুড়া ও আন্দিউড়া এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে পেছন থেকে বালুবাহী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই সিএনজি চালক নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাছ মিয়া (৪৩) এবং যাত্রী মনোয়ারা বেগম (৭০) নিহত হন।
দুর্ঘটনায় আহত হন নোয়াপাড়া এলাকার তাকমিনা বেগম (৪০) ও তার মেয়ে। তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত অপর যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।





