• ই-পেপার

পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে ডিসি ও নির্বাচন অফিস ঘেরাও

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ২১

নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ২১
সংগৃহীত ছবি

শেরপুরের নকলা পৌর শহরে পাগলা কুকুরের কামড়ে শিশু, পথচারী, শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ২১ জন আহত হয়েছেন। এ ছাড়া কুকুরটির আক্রমণে গৃহপালিত পশুও আহত হয়েছে।  

বুধবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে কুকুরটি শহরের গ্রিনরোড, দড়িপাড়া, উত্তর কায়দাসহ কয়েকটি স্থানে যাকেই সামনে পেয়েছে, তার ওপর আক্রমণ শুরু করে। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

নকলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, ভবঘুরে ও উন্মত্ত কুকুরের উপদ্রব দীর্ঘদিনের হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ইলেকট্রনিক মিস্ত্রি জলিল মিয়া জানান, সকালে আমার মেয়ে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে পাগলা কুকুরের কামড়ে আহত হয়। তাকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভ্যাকসিন দিই। আমরা চরম আতঙ্কে আছি। 

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হোসেন জানান, কুকুরের কামড়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধী টিকা এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

নকলা উপজেলা নির্বাহী অফিসার ও নকলা পৌরসভার দ্বায়িত্বপ্রাপ্ত মেয়র জাহাঙ্গীর আলম জানান, নকলা পৌরসভার একাধিক জায়গায় পাগলা কুকুরের কামড়ে অনেকেই আহত হয়েছেন। তাদের সার্বিকভাবে চিকিৎসা সহায়তা করবে নকলা পৌরসভা। এ ছাড়াও উপজেলায় এমন পাগলা কুকুর শনাক্ত করতে কাজ করছে নকলা উপজেলা প্রশাসন। 
 

বৃহস্পতিবার কুড়িগ্রাম যাচ্ছেন নাহিদ ইসলাম

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
বৃহস্পতিবার কুড়িগ্রাম যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে বিকেল ৩টায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

আয়োজকদের ভাষ্য, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিকে স্মরণ করে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং সদস্য শাহজাহান আলী সুমন।

হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা নাঈম ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা নাঈম ফের গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর ধানমণ্ডি থানায় করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে তাকে ১১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। 

এদিন আসামি নাঈমের উপস্থিতিতে শুনানি হয়। এ সময় তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন৷ একই সঙ্গে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকা অবস্থায় গত ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক মো. তারিকুল ইসলাম তাকে এই গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য ১৫ জুলাই দিন ধার্য করা হয়। 

নাইমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, নাইমকে এ নিয়ে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই ব্যক্তিকে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে জামিনের সাংবিধানিক অধিকারকে কার্যত অর্থহীন করে তোলা হচ্ছে। একটি মামলায় আদালত থেকে জামিন পেলেই আরেকটি মামলায় পুনরায় শ্যোন অ্যারেস্টে বিচার নয়, অনির্দিষ্টকাল কারাগারে আটকে রাখার একটি অপকৌশল। 

তিনি বলেন, আইনের শাসনের নামে এই ধারাবাহিক প্রক্রিয়া ন্যায়বিচারের চেতনা, ব্যক্তিস্বাধীনতা এবং সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আজ প্রায় ২ বছর ধরে কারাগারে বন্দি আসামি আনোয়ার হোসেন নাইম। অতি অমানবিক ও নিষ্ঠুরতম আচরণ বলে মনে করি। আইন ও শাসনের প্রতি মানুষের আস্থা উঠে যাচ্ছে। আজকে পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত  হয়ে পড়েছে। 

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ধানমণ্ডি মডেল থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন যুবক মো. সজিব ইসলাম। সে সময় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আক্রমণ করলে গুলিবিদ্ধ হন সজীব। এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ডিসেম্বর ধানমণ্ডি মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।

সখীপুর

প্রাথমিকের বৃত্তিতে যমজ তিন ভাই-বোনের চমক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রাথমিকের বৃত্তিতে যমজ তিন ভাই-বোনের চমক
ছবি : কালের কণ্ঠ

এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে টাঙ্গাইলের সখীপুরে চমক দিখিয়েছে যমজ তিন ভাই-বোন। উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে বইছে আনন্দের বন্যা।

বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলো ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) ও আরাফাত আল মামুন (১২)। তারা উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী মো. শামীম এবং ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তারের সন্তান।

তিন ভাই-বোন বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

শিক্ষার্থীদের মা আর্জিনা আক্তার বলেন, ‘তিন সন্তানই পড়াশোনায় মনোযোগী। তাদের এই অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং পরিবারের উৎসাহ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তাদের বাবা বিদেশে থাকলেও নিয়মিত পড়াশোনার খোঁজখবর নিতেন এবং সন্তানদের উৎসাহ দিতেন। আমি চাই, তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করুক। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।’

বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে এবার চারজন ট্যালেন্টপুল এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে যমজ তিন ভাই-বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। তারা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।’

তিনি আরো বলেন, উপজেলার বৃত্তির ফলাফলে বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা বিদ্যালয়ের জন্যও বড় অর্জন। একসঙ্গে তিন যমজ ভাই-বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের এই বিরল সাফল্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবার ও শিক্ষকদের প্রত্যাশা, ভবিষ্যতেও তারা এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় সাফল্য অর্জন করবে। 

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, ‘তিন সহোদরের এমন কৃতিত্বপূর্ণ অর্জন নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের বিষয়।’ ভবিষ্যতে তারা এমন সাফল্য ধরে রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে ডিসি ও নির্বাচন অফিস ঘেরাও | কালের কণ্ঠ