• ই-পেপার

আন্তঃনগর ট্রেনের দাবিতে পাটগ্রাম-হাতীবান্ধায় রেলপথ-মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রী শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেবেন : পানিসম্পদমন্ত্রী

নীলফামারী সংবাদদাতা
প্রধানমন্ত্রী শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেবেন : পানিসম্পদমন্ত্রী
তিস্তা ব্যারাজ পরিদর্শন করেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালের কণ্ঠ

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন আপনারা যান এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে আসেন। যে আমি (তারেক রহমান) খুব শিগগিরই এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেব। এটা আমাদের প্রতিশ্রুতির অংশ।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নীলফামারীর তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে একথা জানান পানি সম্পদ মন্ত্রী। এসময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবীব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তার সঙ্গে ছিলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে এই এলাকায় এসেছি। সরেজমিনে দেখেছি। ইনশাল্লাহ পদ্মা ব্যারেজ যেভাবে একনেকে পাস হয়েছে, খুব শিগগিরই আমাদের টেকনিক্যাল টিম কাজ করার পর রিপোর্ট দিলে তিস্তা মহপরিকল্পনার কাজ একনেকে পাশ করানো হবে ইনশাআল্লাহ।’

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করতে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প গ্রহণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই প্রকল্প গ্রহণ করার আগে পেছনে অনেক কথা বলতে পারেন। কিন্তু একটা কথাই আমি বলার চেষ্টা করছি। পরিকল্পনা অনুযায়ী যদি না আগাই তাহলে আমরা হোচট খেতে পারি। যার কারণে বিশেষজ্ঞ টিম কাজ করছেন। আমরা সবার মতামত গ্রহণ করব। প্রয়োজনে দুই-চারটা দেশের বিশেষজ্ঞদেরও।’

এর আগে মন্ত্রী তিস্তা প্রধান সেচ খাল, জলঢাকার ধাইজান নদী, চারালকাটা নদী ও দিনাজপুর সেচ খাল পরিদর্শন করেন। এসময় পানি সম্পদ সচিব ড. এ.কে.এম শাহাবুদ্দিনসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গঠিত ৯ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হালুয়াঘাটে সড়কের পাশে ধানের বাজার, যানজটে ভোগান্তিতে হাজারো মানুষ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাটে সড়কের পাশে ধানের বাজার, যানজটে ভোগান্তিতে হাজারো মানুষ
শুক্রবার সকালের ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের ধারা বাজার ধান মহলের চিত্র। ছবি : কালের কণ্ঠ।

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় (ময়মনসিংহ-হালুয়াঘাট) মহাসড়কের পাশে সাপ্তাহিক হাটের ধান মহল থাকায় মহাসড়কটিতে তৈরি হয় তীব্র যানজট। এ কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়রা জানায়, হালুয়াঘাট পৌরশহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে ধারা উত্তর বাজার এলাকায় প্রতি শুক্র ও সোমবার মহাসড়কের পাশের জায়গা দখল করে বসে ধানের হাট। আগে হাটের দিনে ভোগান্তি হলেও এখন প্রতিদিনই ধান বেঁচা কেনা হয় এ হাটে। ফলে ভোগান্তি যেন নিত্যসঙ্গী এ এলাকার বাসিন্দাদের। উপজেলার ধারা, নড়াইল, ধুরাইল, আমতৈল, কৈচাপুরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে সাধারণ কৃষক এখানে ধান বিক্রি করতে আসেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের ওপর চলে ধান কেনাবেচা। ধান বহনকারী ট্রলি, নছিমন, করিমন, ভটভটি, ভ্যান, অটো রিক্সাসহ বিভিন্ন যানবাহন রাখা হয় মহাসড়কের ওপর। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন মহাসড়কের প্রায় বেশীরভাগ অংশ দখল হয়ে যায়। হালুয়াঘাট থেকে ঢাকা ও ময়মনসিংহগামী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ধারা বাজারে গিয়ে আটকে পড়ে। সৃষ্টি হয় যানজট। এ কারণে পথচারীদের চলাচলও বাধাগ্রস্থ হয়।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, ধারা বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর কেনাবেচা হচ্ছে ধান। কৃষকেরা নছিমন, করিমনসহ বিভিন্ন যানবাহনে করে ধান নিয়ে এসে বিক্রির জন্য মহাসড়কের ওপর রেখেছেন। ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ধান কেনার পর মহাসড়কেই পাশেই তাদের গোদামঘরে স্তুপ করে রাখছেন ধান। আবার দুপুর থেকেই পাইকারগণ তাদের ক্রয়কৃত ধান দেশের বিভিন্নপান্তে পাঠানোর জন্য মহাসড়কে ট্রাক রেখে ধান লোড করেন। এতে করে সড়কে সৃষ্ট যান চলাচল স্থবির হয়ে পড়ে। হালুয়াঘাট থেকে ঢাকাগামী কয়েকটি বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয়েছে যানজট।

শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের চালক বলেন, ধারা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিনই যানজটে আটকে পড়তে হয়। তবে শুক্র ও সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যানজট তীব্র হয়।

ধান বিক্রি করতে আসা কয়েকজন কৃষক বলেন, মহাসড়কের পাশেই ধান কেনাবেচা হয়, তাই মহাসড়কের পাশেই ধান নিয়ে দাঁড়ান।

নড়াইল ইউনিয়নের কৃষক আবুল হোসেন বলেন, ‘সাধারণ মানুষের যেমন ভোগান্তি , তেমনি আমাদেরও ভোগান্তি। এই ধান মহল যদি ধারা বাজার বাইপাস এলাকায় স্থানান্তরিত করা হয় তাহলে মহাসড়কে কোন যানজট থাকবে না।’

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ‘মহাসড়কের ওপর গড়ে ওঠা ধানের হাট অবৈধ। আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে অচিরেই ধান মহলটি মহাসড়কের পাশ থেকে সরানোর ব্যবস্থা করবো।’

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী টুকু
ছবি: কালের কণ্ঠ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় একটি উচ্চ জলাধার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও আশেকপুর বাইপাস এলাকায় ওভারহেড পানির ট্যাংক নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা পাবেন। এটি জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, টাঙ্গাইলকে উন্নত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সে অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল পৌরসভার আশেকপুর বাইপাস এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে আরো একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি আরো বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুইটি ভূগর্ভস্থ পানি শোধনাগার (প্রতি ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি পরিশোধন ক্ষমতাসম্পন্ন) এবং দুইটি ৬৮০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন উচ্চ জলাধার নির্মাণ।

পানি শোধনাগার নির্মাণের মোট কার্যাদেশ মূল্য ১৯ কোটি ১ লাখ ৩৬ হাজার ৭৯৪ টাকা এবং উচ্চ জলাধার নির্মাণের মোট কার্যাদেশ মূল্য ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৩১১ টাকা।

প্রকল্প বাস্তবায়িত হলে পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় নয়টি উৎপাদক নলকূপ স্থাপন সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে টাঙ্গাইল পৌর এলাকার দীর্ঘদিনের পানি সংকট অনেকাংশে কমে আসবে।

হাটহাজারীতে বিপুল ইয়াবাসহ আটক ১

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে বিপুল ইয়াবাসহ আটক ১
সংগৃহীত ছবি

হাটহাজারীর থানাধীন বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ আইয়ুব (২৩) নামের এক তরুণকে আটক করেছে র‌্যাব-৭।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলের দিকে উল্লেখিত ইউপির ধোপপুলস্থ এস আলম মার্কেটের চন্দ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৯ জুন) দুপুরের দিকে র‌্যাব-৭ কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আটক আইয়ুব কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের নাটমুরা পাড়ার মো. ছিদ্দিকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ওপরে উল্লেখিত স্থানে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে একটি নোহা গাড়িসহ তাকে আটক করে। এ সময় উক্ত নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ৯টি বান্ডেলে থাকা সর্বমোট ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়। পরে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৭ এর সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পের এসসিপিও (এক্স) মো. মিজানুর রহমান (নৌবাহিনী) বাদী হয়ে মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককে শুক্রবার সকালের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আন্তঃনগর ট্রেনের দাবিতে পাটগ্রাম-হাতীবান্ধায় রেলপথ-মহাসড়ক অবরোধ | কালের কণ্ঠ