লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন ওই এলাকার মো. রিয়াজ হোসেনের মেয়ে মায়সা আক্তার (৩) ও মজনু মিয়ার ছেলে মুজাহিদ হোসেন (৩)। সম্পর্কে তারা দুজন চাচাতো ও জ্যাঠাতো ভাইবোন হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার ও রামগতি থানার ওসি লিটন দেওয়ান।
পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার বিকেলে হালকা বৃষ্টি চলছিল। তখন বাড়ির উঠানে তারা দুজন খেলাধুলা করে পরিবারের অজান্তে বাড়ির পুকুরের পানিতে নেমে পড়ে। এ সময় দুজনই ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরের পানিতে দুজনকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




