• ই-পেপার

যৌথবাহিনীর অভিযান, মাদক ও নগদ টাকাসহ আটক ৩

সামাজিক বনায়নের

১৫ বছর ধরে পরিচর্যা করা গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
১৫ বছর ধরে পরিচর্যা করা গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন
সংগৃহীত ছবি

জয়পুরহাটের কালাই পৌর এলাকায় সামাজিক বনায়নের আওতায় লাগানো আটটি পরিণত ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে এক চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছের অবশিষ্টাংশ জব্দ করে এবং অভিযুক্ত ব্যবসায়ীর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে যায়।

সোমবার (১৫ জুন) দুপুরে কালাই পৌরসভার মূলগ্রাম-হাটশেখা সড়কের পাশে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪-১৫ বছর আগে বন বিভাগের সহযোগিতায় রূপায়ণ কৃষক সমবায় সমিতির সুফলভোগীরা সামাজিক বনায়নের আওতায় রাস্তার দুই পাশে ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। দীর্ঘদিন পরিচর্যার পর গাছগুলো বর্তমানে বিক্রয়যোগ্য অবস্থায় পৌছেছে।

অভিযোগ রয়েছে, কালাই পৌরশহরের মূলগ্রাম-হাটশেখা সড়কের পাশে নিজের বাড়ি ও অটোরাইস মিল সংলগ্ন এলাকায় রাস্তার ধারে থাকা আটটি ইউক্যালিপটাস গাছ সোমবার সকালে কেটে ফেলেন চাতাল ব্যবসায়ী শামসুল ইসলাম। গাছ কাটার পর দ্রুত ট্রাকে করে অধিকাংশ কাঠ সরিয়ে নেওয়া হয়। পরে রাস্তার পাশে পড়ে থাকা গাছের গুঁড়ি দেখে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানান।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট গাছের গুঁড়ি জব্দ করেন। অভিযুক্ত শামসুল ইসলামকে না পেয়ে তাঁর ছেলে গোলাম রব্বানীকে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, কর্তনকৃত গাছগুলোর মূল্য এক লাখ টাকারও বেশি।

রূপায়ণ কৃষক সমবায় সমিতির সভাপতি রেজাউল ইসলাম বলেন, গাছগুলো সমিতির সুফলভোগীদের। প্রায় ১৫ বছর ধরে পরিচর্যা করার পর বিক্রির উপযোগী হয়েছে। অথচ একতরফাভাবে গাছ কেটে নেওয়া হয়েছে। প্রশাসন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে অভিযুক্তের ছেলে গোলাম রব্বানী দাবি করেন, জমি ও গাছ উভয়ই তাদের মালিকানাধীন। এ কারণেই তারা গাছ কেটেছেন। মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

কালাই বনবিভাগের বন প্রহরী ইয়াসির আরাফাত বলেন, সামাজিক বনায়নের গাছের দৈনন্দিন তদারকি বন বিভাগের দায়িত্ব নয়। তবে বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে গাছের অবশিষ্টাংশ জব্দ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গাছ সরানো বা নতুন করে কোনো গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর রিকশাচালক নকিরের পরিবারের মুখে হাসি

মাল্টিমিডিয়া রিপোর্টার,রাজশাহী
কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর রিকশাচালক নকিরের পরিবারের মুখে হাসি
সংগৃহীত ছবি

জাতীয় দৈনিক কালের কণ্ঠের অনলাইনে সংবাদ প্রকাশের একদিনের মধ্যেই সহায়তা পেলেন দীর্ঘদিন ধরে অসুস্থ ও বিছানাবন্দি রিকশাচালক মো. নকির (৭৫)। তার জন্য একটি হুইলচেয়ার ও একটি বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করেছে রাজশাহী মানবিক ফাউন্ডেশন।

গতকাল রবিবার (১৪ জুন) কালের কণ্ঠে ‘হুইলচেয়ারের জন্য ৬ বছরের অপেক্ষা, বিছানাবন্দি রাজশাহীর রিকশাচালক নকির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে রাজশাহী মানবিক ফাউন্ডেশনের সদস্যদের। পরে তারা দ্রুত নকিরের পরিবারের পাশে দাঁড়ান।

জানা যায়, দীর্ঘ ছয় বছর ধরে এক হাত ও এক পা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছেন মো. নকির। জীবনের প্রায় পাঁচ দশক রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন এবং দুই সন্তানকে বড় করেছেন। কিন্তু বার্ধক্য ও অসুস্থতার সময়ে একটি হুইলচেয়ারের অভাবে চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল তার জীবন।

রাজশাহী মানবিক ফাউন্ডেশনের সদস্যরা জানান, সংবাদটি দেখার পর তারা দ্রুত যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে নকিরের জন্য একটি হুইলচেয়ার ও একটি বৈদ্যুতিক ফ্যান দেওয়া হয়েছে।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত নকিরের স্ত্রী হাসনা বানু বলেন, গতকাল কালের কণ্ঠের একজন সাংবাদিক এসে আমাদের সঙ্গে কথা বলে যান। এরপর আজ কয়েকজন এসে আমার স্বামীর জন্য একটি হুইলচেয়ার ও একটি ফ্যান দিয়ে গেছেন। তারা আমাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। 

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে অনেকের কাছে একটি হুইলচেয়ারের জন্য বলেছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। সংবাদটি প্রকাশ না হলে হয়তো আমরা কখনো এই সহায়তা পেতাম না।

স্থানীয়দের দাবি, হুইলচেয়ার পাওয়ার মাধ্যমে নকিরের চলাচলের সমস্যা কিছুটা দূর হলেও পরিবারের সামগ্রিক দুর্দশা এখনো কাটেনি। তাদের বসতঘরটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, ফলে পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ভাঙাচোরা টিনের চাল দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে এবং ঘরের উচ্চতাও বেশ নিচু হওয়ায় বসবাস করা কষ্টকর হয়ে উঠেছে।

স্থানীয়রা আরো জানান, বর্ষাকালে শুধু পানি নয়, মাঝেমধ্যে সাপও ঘরে ঢুকে পড়ে। এতে পরিবারটি সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটায়। তারা নকিরের পরিবারের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, রাজশাহী মানবিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালে সংগঠনটি বিনা মূল্যে অ্যাম্বুল্যান্স ও অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান করে ব্যাপক প্রশংসা অর্জন করে। বর্তমানে তারা বিভিন্ন মানবিক কর্মসূচির পাশাপাশি বিনা মূল্যে অ্যাম্বুল্যান্স সেবাও চালিয়ে যাচ্ছে।

ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

ভোলা প্রতিনিধি
ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
ছবি: কালের কণ্ঠ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে আর্জেন্টিনা সমর্থকরা।  ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এ উৎসবে গা ভাসাতে উপজেলার নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে নানা রঙেঢঙে নেচে-গেয়ে বর্ণাঢ্য এ মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সমর্থকদের সবার কণ্ঠে ছিল লিওলেন মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা।

আজ সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে পূর্বঘোষিত শোভাযাত্রার অংশ নিতে গায়ে জার্সি, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে ও হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উপজেলার ডাকবাংলোর সামনে জড়ো হন আর্জেন্টিনা সমর্থকরা।পরে সেখান থেকে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল, ৩টি মাইক্রোবাস ও ৬টি খোলা ট্রাক নিয়ে শোভাযাত্রাটি বেরিয়ে থানার মোড় ঘুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে গত শনিবার বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ইসমাইলের জন্য এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।

আর্জেন্টিনা শোভাযাত্রাটির আয়োজক আতিকুল ইসলাম রুবেল, ইউসুফ হোসেন অনিক জানান, চলমান ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন জানাতে তারা এ বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার আয়োজন করেছেন। এতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন নানা শ্রেণি-পেশার কয়েক হাজার ফুটবলপ্রেমী। তারা আশা করেন এ বছরও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।

প্রসঙ্গত, বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখতে প্রথম ম্যাচে মাঠে নামছে ফিফা র‍্যাংকিংয়ের ২৭ নম্বরে থাকা আলজেরিয়ার বিপক্ষে। ‘জে’ গ্রুপের এ ম্যাচটি শুরু হবে আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায়।

গোপালগঞ্জে গোয়ালঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে গোয়ালঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে তিন সন্তানের জননী শিল্পী বেগমের (৩৫) মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

সোমবার (১৫ জুন) সকালে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে তার বোন শিল্পী বেগমকে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করে মরদেহ গোয়ালঘরে ফেলে পালিয়ে যান ইকবাল সিকদার। আজ সোমবার সকালে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ওই নারীর স্বামী ইকবাল সিকদার পালিয়ে গেছেন। 

নিহতের ভাই ছারোয়ার কাজী জানান, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা অজুহাতে তার বোনের ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বোন জামাই ইকবাল সিকদার।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যৌথবাহিনীর অভিযান, মাদক ও নগদ টাকাসহ আটক ৩ | কালের কণ্ঠ