• ই-পেপার

বিজয়নগরে তিন গাড়ির সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৬

ইজিবাইকচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪, অভিযুক্তদের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ইজিবাইকচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪, অভিযুক্তদের বাড়িতে আগুন
ছবি: কালের কণ্ঠ

বরিশালে ইজিবাইক চালক নাজমুল মোল্লা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণা ফুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর স্থানীয়দের একটি অংশ অভিযুক্তদের বসতঘরে আগুন দিলে ঘরটি পুড়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর চন্ডিপুর এলাকার রুস্তম আলীর ছেলে সাইফুল ইসলাম, হরিণা ফুলিয়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে মিরাজ হোসেন, তার স্ত্রী কামরুন নাহার এবং মা ফরিদা বেগম।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল উল ইসলাম বলেন, অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দূরত্ব বেশি হওয়ায় পুলিশ পৌঁছানোর আগেই ঘরটি পুড়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার দুপুরে কালিজিরা নদীর তেমাথা এলাকা থেকে ইজিবাইক চালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে বুধবার সকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে মামলার আরেক অভিযুক্ত ইমরানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিহতের বাবা আব্দুর রশিদ মোল্লা দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা ও তাদের সহযোগীরা তার ছেলে হত্যার সঙ্গে জড়িত। তিনি বলেন, আমরা ঘটনার বিচার চাই এবং আইনগত সহায়তা চেয়েছি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ২ নম্বর ওয়ার্ডের উত্তরা বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত ফজল কবিরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়াছড়া এলাকার মকবুলের বাড়িতে বসবাস করতেন।

পুলিশ সূত্র জানায়, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পিএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ সিরা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল আহমেদকে আটক করেন। পরে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে ‘তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন দুপুর ১টায় শ্রীমঙ্গলে পৌঁছান তিনি। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেন। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ ভাতা প্রদান করা হবে, ফলে তারা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবেন।
পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার ১৫৫ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে।

জানা গেছে, শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে ভোটের প্রচারে মৌলভীবাজারে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাজেট ঘোষণার পরে সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে মিছিল হচ্ছে : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাজেট ঘোষণার পরে সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে মিছিল হচ্ছে : আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘বাজেট ঘোষণার পরে সিগারেট ও মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল হচ্ছে, কি আর বলব।’ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ পৌরসভায় কসাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বিএনপি সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে। আগে আমরা দেখেছি, বাজেট ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হতো। মিছিলের স্লোগান হতো, ‘গরিব মারার বাজেট মানি না’। আর এখন বাজেট ঘোষণার পরে মিছিল হচ্ছে, ‘সিগারেটের দাম বাড়ল কেন, মদের দাম বাড়লো কেন?’ কি আর বলব।”

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘মাদকের বিস্তার রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও যদি দেখেন মাদক নির্মূলে প্রশাসন কাজ করছে না, তাহলে আমার নম্বরে এসএমএস করবেন, ঘটনা জানাবেন। বাকিটা আমরা দেখব।’

কসাইখানার গুরুত্ব বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান বজায় থাকে। ঝিনাইদহবাসীর জন্য এই কসাইখানা একটি মাইলফলক। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

জানা গেছে, কসাইখানাটি নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ কসাইখানার নির্মাণ কাজ শুরু করে। দীর্ঘ আড়াই বছরের প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আধুনিক এই কসাইখানাটি ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পূর্ণ আধুনিক এই কসাইখানাটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত।

জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।