• ই-পেপার

অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ. লীগ : মঈন খান

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ফেনী প্রতিনিধি
ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় ওই মিছিলটি হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেলে পৌরসভার সহদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটকদের বিস্তারিত পরিচয় ও মিছিলে তাদের সম্পৃক্ততা আরো যাচাই-বাছাই চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের স্টেশন রোড থেকে শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এদিন দুপুরের দিকে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে একদল তরুণ সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। বিকেলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তারা মিছিলে অংশ নিয়েছেন। আটকদের বিস্তারিত পরিচয় ও সম্পৃক্ততা আরো যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকির বিপুল ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকির বিপুল ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৭ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিনটি ভ্যানগাড়ি তল্লাশি করা হয়। এ সময় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদীবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আরাপ নামে সাত বছর বয়সী নিখোঁজ এক শিশুর মরদেহ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে।

বুধবার (১৭ জুন) সকালে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামে নিজ বাড়ির পাশে এক পুকুরে ভেসে ওঠে মরদেহটি। 

মৃত শিশু আরাপ (৭) ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তারাকান্দা উপজেলার আলমগীর হোসেনের ছেলে আরাপ গত মঙ্গলবার সকালে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার সকালে একজন দেখতে পায় বাড়ির পাশেই একটি পুকুরে আরাপের মরদেহ ভেসে আছে। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে। 

তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

চুনারুঘাটে চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডিছড়া চা বাগানে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে চণ্ডিছড়া খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজসহ অনেকেই।

হবিগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো চণ্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
 

অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ. লীগ : মঈন খান | কালের কণ্ঠ