ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার মন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘যারা কার্ড নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেন তারাই এখন নিজ নিজ এলাকার জন্য ফ্যামিলি কার্ড চাচ্ছেন। বর্তমান সরকার সব এলাকাতেই পর্যায়ক্রমে এই কার্ড দিবে। ফ্যামিলি কার্ড একজন নারীর জন্য চালিকাশক্তি হবে। বাড়াবে মনশক্তি। এখন নিজের পায়ে দাঁড়ানোর একটা পথ তৈরি হয়েছে।’
শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দেশের ২০টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে ময়মনসিংহের নান্দাইল থেকে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি উপস্থিত কার্ডধারীদের উদ্দেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার ভোটারদের ধারে ধারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল আমরা প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেব। তার বাস্তবায়ন শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭৩০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে। নারীদের আর কারো কাছে হাত পাততে হবে না। এই টাকা দিয়ে নিজেদের পছন্দমতো কাজ করতে পারবেন।’
এ সময় মন্ত্রী উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, ‘এই টাকা থেকে আপনারা সঞ্চয় করবেন। আগে যেভাবে চলতেন, এখন মনে করবেন এটা বাড়তি একটা আয়। এই আয় দিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল দরিদ্র মানুষদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া। আজ সেই সেই কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন উপলক্ষে উপজেলার চরভেলামারী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ প্রমুখ।




