সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কে আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরে আলম (৪২) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া (৪৩) জেলার চৌদ্দগ্রাম উপজেলা পৌর এলাকার বাসিন্দা। তারা দুই বন্ধু সৌদি আরবের রিয়াদে এক সঙ্গে ব্যবসা করতেন।
নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশে রওয়ানা দেন তারা। এক পর্যায়ের তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, নুরে আলম আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। স্বামীর লাশ দেশে আনতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করেছেন তিনি।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। পরিবার আবেদন করলে লাশ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় লাশ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।





