ফেনীর ফুলগাজীতে দুর্বৃত্তদের দ্বারা এক কুয়েত প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
শনিবার (২৭ জুন) সকালে খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত কাজলের স্বামী নুরুল আমিন বর্তমানে কুয়েত প্রবাসী। তার দুটি সন্তান রয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিহত কাজল তাঁর মাত্র দুই বছর বয়সী ছোট সন্তানকে নিয়ে ঘরে শুয়েছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এটি চুরির ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা রহস্য রয়েছে, তা আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’









