• ই-পেপার

তিন বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, জনদুর্ভোগ চরমে

মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফুলবরু (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) বিকেলে মোরেলগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুলবরু মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত রোকা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ফুলবরুকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহিদ শাহরিয়ার জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফুলবরুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পরিবার সূত্র জানায়, ফুলবরুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলায় ১২০০ কেজি পলিথিন জব্দ, ৩ দোকান সিলগালা

ভোলা প্রতিনিধি
ভোলায় ১২০০ কেজি পলিথিন জব্দ, ৩ দোকান সিলগালা
ছবি : কালের কণ্ঠ

ভোলা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১২০০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে তিনটি দোকান সিলগালা করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা শহরের মনোহরিপট্টি, পুরাতন কসাইপট্টি ও আটাপট্টি চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের মজুত ও বিক্রি বন্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে তিনটি দোকান থেকে মোট এক হাজার ২০৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

তিনি আরো জানান, পলিথিন মজুদ ও বিক্রির দায়ে মনোহরিপট্টির মেসার্স বিল্লাল স্টোর, পুরাতন কসাইপট্টির মেসার্স শামীম স্টোর এবং আটাপট্টির মেসার্স ফারুক স্টোর সিলগালা করা হয়েছে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া।

অভিযান পরিচালনায় র‍্যাব-৮ এবং ভোলা সদর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বগুড়ায় ১৫ ফুট লম্বা ব্যানারসহ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় ১৫ ফুট লম্বা ব্যানারসহ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর ১৫ ফুট লম্বা একটি ব্যানারসহ আদমদীঘি উপজেলা ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাতে আদমদীঘি সদর ইউনিয়নের তালসন গ্রামের কালিবাড়ী মোড়ে একটি চায়ের দোকানের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিব ওই গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সোমবার (২২ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আদমদীঘি সদর ইউনিয়নের তালসন গ্রামের কালিবাড়ী মোড়ে একটি চায়ের দোকানের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানসহ ৩৫ জন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী সমবেত হন। সেখানে তারা আদমদীঘি থানা এলাকাসহ বগুড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, যানবাহন ভাঙচুর, সরকারি স্থাপনা ক্ষতিসাধন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করছিলেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘গ্রেপ্তার সাকিবের কাছ থেকে ১৫ ফুট বাই ৩ ফুট আকারের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি রঙিন ব্যানার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একটি নাশকতা মামলা থাকলেও এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতাসংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলায় উপজেলা ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানও আসামি ছিলেন।

খুলনার পাঁচ অভিযুক্ত সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা অফিস
খুলনার পাঁচ অভিযুক্ত সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

খুলনার পাঁচ অভিযুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২১ জুন) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ তুষার শিকদার, গোবরচাকার আবরার ফয়সাল বাদিন, শেখপাড়া লোহাপট্টির আল আমিন, সোনাডাঙ্গার নবীনগর এলাকার আসিফ এবং টুটপাড়া জোড়াকল বাজার এলাকার সাজ্জাদ হোসেন সাব্বির। 

সোমবার (২২ জুন) সকালে খুলনা মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান। তিনি বলেন, সম্প্রতি খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় মহানগরজুড়ে বিশেষ নজরদারি শুরু করা হয়। চলতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবেই গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

উপ-পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা খুলনার বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

তিন বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, জনদুর্ভোগ চরমে | কালের কণ্ঠ