কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতারণা করে নিজের নামে সাড়ে ১০ শতাংশ জমি লিখে নেওয়ার পরও বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার (১৬ জুন) পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল জব্বার (৯০)। তিনি উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদশী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম মো. মহির উদ্দীন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শারিরীক ও মানসিকভাবে অসুস্থতায় ভুগছেন। এই সুযোগে প্রায় এক বছর আগে মহির উদ্দীন তার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে কৌশলে পাকুন্দিয়া উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যান । সেখানে নিয়ে কৌশলে তার কাছ থেকে তালদশি মৌজার ৫৫৫ ও ৫৫৬ নম্বর দাগ থেকে সাড়ে ১০ শতাংশ জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। বিষয়টি জানাজানি হওয়ার পর মহির উদ্দীনের কাছে ওই জমি ফেরত চাওয়ায় বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছেন তিনি।
বড় ছেলে মো. গিয়াস উদ্দীন জানান, বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানানোর পর এ নিয়ে একাধিক সালিশ-দরবার হয়। কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। জমি ফেরত চাওয়ায় এবং সালিশ দরবার করায় ক্ষিপ্ত হয়ে মহির উদ্দীন আমাকে ও বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে বাবা বাদী হয়ে মহির উদ্দীনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুবিচার দাবি করছি।
অভিযুক্ত মহির উদ্দীন বলেন, ‘আমি জমি প্রতারণা করে লিখে নিইনি। বাবা স্বেচ্ছায় আমাকে লিখে দিয়েছেন। বাবাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সত্য নয়।’
পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’




