কক্সবাজারের টেকনাফে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (১৩ জুন) রাতে টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্ত অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১৪ জুন) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, নাফ নদী ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। গোপন সূত্রে খবর আসে, জাদিমুড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ মাটির নিচে মজুত করে রেখেছে।
এই তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মাটির নিচ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২টি হ্যান্ড গ্রেনেড (৩৬ এমএমকে-আই), ৮টি এইচইডিপি গ্রেনেড (৪০ মিলিমিটার), ২৮ রাউন্ড তাজা গুলি (৭.৬২ মিলিমিটার) এবং ২ কেটি গাঁজা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
কোস্ট গার্ডের কর্মকর্তারা ধারণা করছেন, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোনো অসাধু বা সন্ত্রাসী চক্রের হাতে পড়লে সাধারণ মানুষের জানমালের বড় ধরনের ক্ষতি হতে পারত। সময়োপযোগী এই অভিযানের ফলে একটি বড় ধরনের নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।




