জয়পুরহাটের আক্কেলপুরে এক দিনেই দুই নারী, এক পুরুষসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) উপজেলার পৃথক তিন জায়গা থেকে সাড়ে ছয় ঘণ্টার ব্যবধানে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের উত্তম চৌধুরীর স্ত্রী গৃহবধূ শ্রীমতী সাবিত্রী চৌধুরী (২৫), উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী বৃদ্ধা বুলি বেওয়া (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মণের ছেলে ডেকরেটর শ্রমিক শিপন চন্দ্র বর্মণ (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের পরিবারের সদস্যদের দাবি, তারা আত্মহত্যা করেছেন। এর মধ্যে শ্রীমতী সাবিত্রী চৌধুরী গলায় ফাঁস দিয়েছেন এবং বৃদ্ধা বুলি আক্তার ও শিপন চন্দ্র বর্মণ গ্যাস ট্যাবলেট খেয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, উপজেলার পৃথক তিনটি স্থান থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় তিনটি অপমৃত্যু মামলা করা হয়েছে।





