• ই-পেপার

‘বুড়ার দিঘী’তে মিলল ২০০ বছর আগে মৃত হাতির কঙ্কাল!

সুনামগঞ্জে চুরি মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জে চুরি মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত এক আসামি ও সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২৮, তারিখ ১৭ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের চুরি মামলার এজাহারভুক্ত আসামি মুক্তিরগাঁও (কোনাপাড়া) গ্রামের মৃত আব্দুল কাইয়ুম এর ছেলে মো. ইমাম উদ্দিন (২৫), গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সিআর-৯৫/২৬ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাজনা মহল গ্রামের ইসমাইল আলীর মেয়ে  মোছা. সুফিয়া বেগম (৪০), কে গ্রেপ্তার করে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল মায়ের

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল মায়ের

গাজীপুরের কালীগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে বজ্রাঘাতে সোহানা আক্তার শারমিন (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা আক্তার শারমিন বেতুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী রায়হান হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহতের মেয়ে পড়াশোনা করেন। মেয়েকে আনতে স্কুলে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসান আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মেগা সিটি গড়ার লক্ষ্যে নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
মেগা সিটি গড়ার লক্ষ্যে নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটি হিসেবে গড়ে তুলতে একাধিক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কম্পানি (সিএইচইসি)। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন খাতের বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান নেতৃত্ব দেন।

মতবিনিময়সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, আধুনিক চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্প। এ ছাড়া এক হাজার শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এসব প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে, অন্যদিকে চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।

সভায় নগরীর দীর্ঘস্থায়ী যানজট নিরসনে এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালু, বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বৃহৎ পানি সরবরাহ প্রকল্প এবং নগরীর দুই পাড়ের সংযোগ জোরদারে আধুনিক সেতু নির্মাণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান নারায়ণগঞ্জের জন্য প্রণীত জনকল্যাণমুখী ও দূরদর্শী উন্নয়ন পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, এসব বৃহৎ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি সম্ভাব্য অর্থায়ন ও বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ সহযোগিতা করতে আগ্রহী।

চায়না হারবারের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও টেকসই নগরীতে রূপান্তরের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে।
 

২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রায় ২০০ বছরের পুরনো একটি শ্মশান ঘাটের উন্নয়নকাজ রক্ষায় আদালতে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। দীর্ঘ সাত মাস ধরে বন্ধ থাকা শ্মশান উন্নয়ন প্রকল্প পুনরায় চালুর লক্ষ্যে তিনি আদালতে উপস্থিত হয়ে শ্মশানের পক্ষে যুক্তি ও প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করেন।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ তাহমিনা আক্তার পিংকির আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আম্বার পেপার মিলসের দায়ের করা মামলায় জারি হওয়া ইনজাংশন ও স্থিতাবস্থা আদেশ বাতিলের আবেদন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

আদালত সূত্রে জানা যায়, ১৭৯৩ সালে সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের আজিবপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্মশান ঘাট ও মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রায় ৩১ শতাংশ জমির ওপর গড়ে ওঠা এ শ্মশানটি সিদ্ধিরগঞ্জের একমাত্র শ্মশান হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের পাশাপাশি, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও মদনগঞ্জ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে শেষকৃত্য সম্পন্ন করে থাকেন।

সূত্র জানায়, দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রায় দুই কোটি টাকা ব্যয়ে আধুনিক দাহ চুল্লি, গোসল ঘর এবং দ্বিতল অফিস ভবন নির্মাণ প্রকল্প হাতে নেয়। ২০২৫ সালের ১৯ জুন কাজ শুরু হওয়ার পর ৪৮টি পাইলিং পিলার নির্মাণও সম্পন্ন হয়। তবে পরে পারটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আম্বার পেপার মিলস হাইকোর্টে মামলা দায়ের করলে আদালতের স্থিতাবস্থা আদেশে উন্নয়নকাজ বন্ধ হয়ে যায়।

শুনানি শেষে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হাট-ঘাট, মাঠ ও ধর্মীয় প্রতিষ্ঠান লিজ দেওয়ার কোনো বৈধতা নেই, বিগত আমলে ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে এই জায়গা লিজ দেয়। প্রায় দুইশ বছরের পুরনো একটি শ্মশানের সব বৈধ কাগজপত্র ও আদালতের পূর্ববর্তী রায় থাকার পরও একটি শিল্পগোষ্ঠী হাইকোর্টে রিট করে জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে। আমরা আদালতে প্রয়োজনীয় সব নথিপত্র উপস্থাপন করেছি। আশা করছি, ন্যায়বিচার পাব।

সাখাওয়াত হোসেন খান বলেন, ১৭৯৩ সালে প্রতিষ্ঠিত এই শ্মশান ঘাট ও মন্দিরের অস্তিত্ব বিভিন্ন সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি আইন অনুযায়ী মন্দির, মসজিদ, শ্মশান, রাস্তা-ঘাট বা জনস্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লিজ দেওয়া যায় না। একটি মিথ্যা দাবির ভিত্তিতে উন্নয়নকাজ আটকে রাখা হয়েছে। আদালতের রায় সত্য ও সাধারণ মানুষের পক্ষে আসবে বলে আমরা আশা করছি।

অন্যদিকে, বিবাদীপক্ষ আম্বার পেপার মিলসের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ জুন) দিন নির্ধারণ করেন।

শ্মশান কমিটির সভাপতি সুভাষ চন্দ্র তরফদার জানান, ১৯৮৯ সালে পারটেক্স গ্রুপ জেলা প্রশাসনের কাছ থেকে ৬ দশমিক ৭৯ একর জমি বন্দোবস্ত নিলেও আবেদনে শ্মশানের ৩১ শতাংশ জমির বিষয়টি উল্লেখ করা হয়নি। পরবর্তীতে এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে আদালত শ্মশানের পক্ষে রায় দেন। অতীতেও কয়েকবার জমি দখলের চেষ্টা হলেও স্থানীয় হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়।

শ্মশান কমিটির সদস্য শিশির ঘোষ (অমর) বলেন, এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, হাজারো মানুষের শেষ বিদায়ের স্থান। মানবিক কারণে দ্রুত উন্নয়নকাজ শেষ হওয়া জরুরি।

আম্বার পেপার মিলসের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, শ্মশানে দাহ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং আদালতের নির্দেশনা মূলত ভবন নির্মাণসংক্রান্ত বিষয়ে প্রযোজ্য।

স্থানীয়দের অভিযোগ, জনস্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে রয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই দ্রুত বিরোধ নিষ্পত্তি করে উন্নয়নকাজ পুনরায় শুরুর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সব ধর্মের মানুষের প্রত্যাশা, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের এ বিরোধের অবসান ঘটবে এবং সিদ্ধিরগঞ্জের প্রায় দুই শতাব্দী পুরোনো শ্মশান ঘাট আধুনিক সুবিধাসম্পন্ন অবকাঠামো পাবে।
 

‘বুড়ার দিঘী’তে মিলল ২০০ বছর আগে মৃত হাতির কঙ্কাল! | কালের কণ্ঠ