নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা প্রতিহতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি রাজপথে রয়েছে এবং যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দলটির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে, যা জননিরাপত্তার জন্য হুমকি।
বক্তারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
সমাবেশে মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর মধ্যে সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক দূর করতেই বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমেছেন।’ তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং দেশের মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত।
তিনি আরো বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা প্রয়োজন। গণতন্ত্রের নামে সাধারণ মানুষের দুর্ভোগ বা অস্থিরতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, সদস্য আব্দুল জব্বার ও ওমর ফারুক শোভন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুন হাসান রোল, যুবদল নেতা নাজমুল হক, জাহিদ, আরিফ ভূঁইয়া, শ্যামল, মহসিন ব্যাপারী ও সরদার সুজনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




