• ই-পেপার

৩ কার্যদিবসে ধর্ষণ মামলার রায়ে যাবজ্জীবন

জামগাছ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি
জামগাছ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে গাছ থেকে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পশ্চিম আড়পাড়া গ্রামের বাসিন্দা মো. দোবির হোসেন শেখের মেয়ে ও দুই সন্তানের জননী রুনা বেগম বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ সময় বাড়ির একটি জামগাছে জাম পাড়ার জন্য উঠলে অসাবধানতাবশত একটি ডাল ভেঙে তিনি গাছের নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. কবির সরদার জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দিনাজপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের সদর ও বিরল উপজেলায় বজ্রপাতে নারীসহ ২ জরেন মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার চলমান তাপদাহের মধ্যে বিকাল সাড়ে ৫ টায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুরারিপুর উত্তর পাড়া গ্রামের খতিবুর রহমানের ছেলে মোশারফ হোসেন মশা(৫০) ও বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোপয়ালবাড়ী গ্রামের বশির উদ্দিনের স্ত্রী ফজিলা আক্তার (৩৫)।

সদর উপজেলার মুরারিপুর উত্তর পাড়া গ্রামের শাহীন হোসেন জানান, প্রচন্ড তাপদাহের মধ্যে বিকালে বৃষ্টি শুরু হলে মোশারফ হোসেন মশা মাঠে শুকাতে দেওয়া ইরি বোরোর খড় তুলতে যায়। এ সময় বজ্রপাতের সৃষ্টি হয়। এতে মোশারফ হোসেন ঝলসে গিয়ে ঘটনা স্থলেই মারা যান। এ সময় সুলতানা রাজিয়া (৪০) নামে এক গৃহবধু ঝলসে যায়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি নুর নবী ও হাসাপাতালের ওয়ার্ড মাষ্টার মাসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে একই সময় বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ফজিলা আক্তার শুকাতে দেওয়া খড় তুলতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

বিরল থানার ওসি আল ইমরান বজ্রপাতে একজন মারা যাওয়ার বিসয়টি নিশ্চিত করেছেন।
 

বাঘারপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি
ছবি : কালের কণ্ঠ

দুয়ারে ফুটবল বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বাসে মেতেছে যশোরের বাঘারপাড়ার আর্জেন্টিনা সমর্থকরাও।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় পথচারী ও দোকানিরাও তাদের সঙ্গে স্লোগানে অংশ নিতে দেখা যায়।

আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই তাদের এই র‍্যালির আয়োজন। প্রায় এক ঘণ্টা চলে তাদের এ কর্মসূচি।

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে হত্যা, ৯ জনের নামে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে হত্যা, ৯ জনের নামে মামলা
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়াকে (৫৫) হত্যার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা  আরো ২/৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের মেয়ে নুরজাহান বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন সজিব আহম্মেদ, মো. উজ্জল, শাফায়েত, মো. রমজান, মো. মামুন, মো. মনির, মো. হানিফ, রকি, আনিসসহ অজ্ঞাতনামা ২/৩ জন।

জানা যায়, উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় ছগির আহাম্মেদের ছেলে সজিব আহম্মেদ, ইসমাইল মিয়ার ছেলে রকি ও মনির হোসেন পার্টনারে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলে। এই নিরাময় কেন্দ্রে স্থানীয় মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার-পরিজনের সদস্যরা এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে টাকার বিনিময়ে পাঠাতেন। এই নিরাময় কেন্দ্রে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নামে চলত অমানবিক নির্যাতন। প্রায়ই তাদের ওপর লাঠি দিয়ে পেটানো হতো।

মাদক নিরাময় কেন্দ্রে থাকা মাসুদ বলেন, ‘আমাদের ওপর প্রায় মারধর করা হতো। নিহত ফয়জুলকে সহ প্রায় ১২ জনকে ওই দিন পেটানো হয়। আমাকেও লাঠি দিয়ে হাতের মধ্যে আঘাত করা হয়েছে।’

নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম বলেন, ‘তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পর দিন তাকে খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন মৃত অবস্থায় পড়ে আছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতন তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।’

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়াকে নির্যাতন চালিয়ে হত্যার করে হাসপাতালে রেখে নিরাময় কেন্দ্র বন্ধ করে পালিয়ে যায় জড়িতরা।

৩ কার্যদিবসে ধর্ষণ মামলার রায়ে যাবজ্জীবন | কালের কণ্ঠ