ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের আলোচিত কলেজ শিক্ষার্থী রবিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সহস্রাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গফরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গণে নিহত রবিনের বন্ধুদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নিয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১৫ থেকে ১৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত একজন সন্দেহভাজন ছাড়া অন্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকলিন, আনাফ, রাইন, ইন্না ও তামান্না বলেন, ‘হত্যাকাণ্ডের পর এতদিন পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। অজ্ঞাত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই।’
নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি গরীব মানুষ, টেহা-পয়সা নাই। আসামি ধরা পড়ে না। আমার একটাই পুত আছিন। আল্লাহর কাছে বিচার চাই।’
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সেখ বলেন, ‘রবিন হত্যাকাণ্ডের পর আমি এ থানায় যোগদান করেছি। ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি এবং মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’




